![]()
ইবি রিপোর্ট
টানা দুই দিন শান্ত থাকার পর নতুন করে শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠা সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবশেষে অবরোধমুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সাভার মডেল থানায় দায়ের করা ১১টি মামলায় এখন পর্যন্ত ১১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জানান, আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেলা সোয়া ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। আগের দিন দাবি পূরণ না হওয়ায় শ্রমিকেরা নতুন করে আন্দোলনে নামেন। তবে তার দাবি, শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরাও এ আন্দোলনে যুক্ত হয়েছেন।
তিনি আরও বলেন, কিছু ব্যক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনকে সহিংসতার দিকে নেওয়ার চেষ্টা করছেন বলে পুলিশের ধারণা। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় দায়ের করা ১১টি মামলায় এখন পর্যন্ত ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঘটনার মূল হোতাদের আটকেও চেষ্টা চলছে।
ওসি সাইফুল আলম বলেন, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনকালে আহত হওয়ার ঝুঁকি থাকলেও সদস্যরা সতর্ক রয়েছেন। তারা কোনো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করছেন না। পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করে শ্রমিকদের নিজেদের ভাই মনে করেই পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
তিনি আরও জানান, শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু হলেও এর পেছনে অন্য কোনো উসকানিদাতা, ইন্ধনদাতা এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সক্রিয়তা রয়েছে বলে পুলিশের ধারণা। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাইফুল আলমের ভাষ্য অনুযায়ী, বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে। এ ছাড়া সাভারে বিজিবির দুটি প্লাটুন মোতায়েন রয়েছে। দুষ্কৃতকারীদের আটক ও বিতাড়িত করে আইনের শাসন প্রতিষ্ঠা করাই পুলিশের লক্ষ্য।
এর আগে টানা দুই দিন পরিস্থিতি শান্ত থাকার পর মঙ্গলবার সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে শুরু হওয়া এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ার গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
পরে পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বেলা সোয়া ১২টার দিকে অবরোধের অবসান ঘটে। এরপর মহাসড়কে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়।
পাঠকের মন্তব্য