![]()
ইবি রিপোর্ট
বকেয়া গ্র্যাচুইটি, সার্ভিস বেনিফিটসহ দীর্ঘদিনের আর্থিক পাওনা পরিশোধের দাবিতে কর্মবিরতিতে গেছেন চট্টগ্রাম বন্দরে কর্মরত সাইফ পাওয়ারটেক লিমিটেডের শ্রমিক ও কর্মচারীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বেসরকারি প্রতিষ্ঠানটির অধীনে থাকা পণ্য ও কনটেইনার ওঠা-নামার কাজ বন্ধ হয়ে গেছে। এতে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বন্দর সূত্র জানায়, সকাল আটটা থেকে শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়। সাইফ পাওয়ারটেকের সাময়িক চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে পাওনা পরিশোধের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
‘চট্টগ্রাম বন্দরে কর্মরত সাইফ পাওয়ারটেক লিমিটেডের দীর্ঘদিনের বঞ্চিত সব শ্রমিক-কর্মচারীবৃন্দ’ ব্যানারে আন্দোলনকারীরা বন্দর চত্বরে মানববন্ধন করেন। এ সময় তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে বকেয়া গ্র্যাচুইটির সম্পূর্ণ অর্থ পরিশোধ, সার্ভিস বেনিফিট প্রদান, অব্যবহৃত অর্জিত ছুটির বিপরীতে অর্থ দেওয়া, কোভিড-১৯ মহামারির সময় দায়িত্ব পালনের জন্য ঝুঁকি ভাতা প্রদান এবং দীর্ঘ চাকরিজীবনের আইন অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
আন্দোলনকারীদের প্রদর্শিত একটি ব্যানারে লেখা ছিল, ‘আমরা আর কোনো আশ্বাস চাই না, আমাদের ন্যায্য পাওনা পরিশোধের নিশ্চয়তা চাই। আমরা আমাদের শ্রমের মূল্য ও অধিকার চাই।’
চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্বে থাকা সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ গত ২ নভেম্বর শেষ হয়। এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) প্রতিষ্ঠানটির পরিচালনার মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
টার্মিনাল পরিচালনার জন্য নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলমান থাকায় সাময়িকভাবে এই সময় বাড়ানো হয়েছিল। তবে বর্ধিত মেয়াদও শেষের দিকে চলে আসায় শ্রমিকদের মধ্যে চাকরি ও আর্থিক পাওনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
শ্রমিকদের আশঙ্কা, সিসিটি পরিচালনার দায়িত্ব থেকে সাইফ পাওয়ারটেক সরে গেলে তাদের দীর্ঘদিনের পাওনা অর্থ অনিশ্চিত হয়ে পড়তে পারে। এ পরিস্থিতিতে বকেয়া অর্থ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে তারা কর্মবিরতিতে নেমেছেন।
বন্দর ব্যবহারকারী ও শিপিং এজেন্টদের মতে, শ্রমিকদের কর্মবিরতি দীর্ঘস্থায়ী হলে চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন ব্যবস্থায় আরও বিঘ্ন ঘটতে পারে। এতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বন্দরে কনটেইনারের জট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
একই সঙ্গে দেশের প্রধান সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা পণ্য খালাস এবং রপ্তানির পণ্য জাহাজে ওঠানোর কাজেও বিলম্ব হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে শ্রমিকদের উত্থাপিত পাঁচ দফা দাবি এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার বিষয়ে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সাইফ পাওয়ারটেকের কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পাঠকের মন্তব্য