![]()
ইবি রিপোর্ট
ব্যবসা পরিচালনার দীর্ঘসূত্রতা কমানো, সরকারি সেবা ডিজিটাল করা এবং তৈরি পোশাকের বাইরে নতুন রপ্তানি খাত গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ব্যবসায়িক অনুমোদন ও প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া সহজ করে সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সরকার। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণকে সামনে রেখে আগামী তিন বছরের কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে মন্ত্রী জানান, এলডিসি উত্তরণ সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের নাগরিক এবং ব্যবসায়িক সেবা অনলাইনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস তথা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো পোর্টাল ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বর্তমানে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে ব্যবসায়ীদের একাধিক সরকারি দপ্তরে যেতে হয়। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এই জটিলতা কমিয়ে পুরো প্রক্রিয়া ১৪ দিনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে কাজ করছে সরকার।
সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ লক্ষ্যে লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের উপযোগী পরিবেশ তৈরিতে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী।
পাশাপাশি দেশের স্বর্ণশিল্পকে অনানুষ্ঠানিক কাঠামো থেকে বের করে প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় নিয়ে আসতে চায় সরকার। আগামী কয়েক বছরের মধ্যে এ শিল্পকে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে একাধিক দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির।
জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইপিএ এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ স্বাক্ষরের বিষয়ে আলোচনা এগোচ্ছে। এ ছাড়া আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে।
বৈঠকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পের পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা রোধ এবং প্রকল্প পরিচালকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিয়েও আলোচনা হয়। এ জন্য বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথা বিশ্বব্যাংক প্রতিনিধিদের জানান মন্ত্রী।
বাংলাদেশের বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে।
তিনি জানান, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী। অর্থনীতির কাঠামোগত সংস্কারের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উচ্চমূল্য সংযোজনকারী উৎপাদনশীল শিল্পে অর্থায়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণকে সামনে রেখে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কে কাজে লাগিয়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূর এবং বৈশ্বিক ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত হতে পারলে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও কর্মসংস্থান বাড়বে।
তিনি আরও বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির (নেগোসিয়েশন) দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে।
বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি সাম্প্রতিক গবেষণার তথ্য তুলে ধরে বলেন, প্যারা-ট্যারিফ বা সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার দেশের অর্থনৈতিক দক্ষতা ও রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতার আলোকে বাণিজ্য সংস্কার এবং লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন করা গেলে বাংলাদেশের প্রকৃত রপ্তানি আয় ও কর্মসংস্থানও বাড়বে বলে মত দেন তিনি।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইকোনমিক পলিসি অ্যান্ড পাবলিক সেক্টরের প্র্যাকটিস ম্যানেজার হুন সাহিব সোহ, ইকোনমিস্ট মাইক ন্যাও, রিসার্চ ইকোনমিস্ট দেবকী ঘোষ এবং সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি ও মাগুয়ে দিয়া।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব (আইআইটি) ড. আহমদ উল্লাহ, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।