![]()
ইবি রিপোর্ট
পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে তিন হাজার কোটি টাকার ইসলামি বন্ড ছাড়ছে সরকার। ১৮২ দিন মেয়াদি এই বিনিয়োগ সুকুকের নিলাম আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক এ নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর বিপরীতে সুকুকটি ইস্যু করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে নিলাম অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রকল্পের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। শরিয়াহ যোগ্যতা ব্যবস্থাপনা বিভাগের অধীন গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটি এ প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
প্রসপেক্টাস অনুযায়ী, ইজারা পদ্ধতিতে নিলামের মাধ্যমে তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের সুকুক ইস্যু করা হবে। এর মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ২ জুন। বিনিয়োগকারীরা ১৮২ দিনের বিনিয়োগের বিপরীতে ভাড়া বাবদ মোট ১২১ কোটি ২৫ লাখ টাকা পাবেন। বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে এই অর্থ এককালীন পরিশোধ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে, এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এ ছাড়া দেশি-বিদেশি বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি ও বিমা কোম্পানির জন্যও অংশগ্রহণের সুযোগ থাকছে। প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন ফান্ডও এ সুকুকে বিনিয়োগ করতে পারবে। তবে এসব প্রতিষ্ঠানের বাংলাদেশ ব্যাংকে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব থাকতে হবে। তারা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবে।
নিলামে অংশ নিতে বিনিয়োগকারীদের অনলাইনে বিড জমা দিতে হবে। আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিড দাখিলের সুযোগ থাকবে। এ জন্য বিনিয়োগকারীদের নিজ নিজ সুকুক ইনভেস্টর (এসআই) আইডি ব্যবহার করতে হবে। বিড জমা দিতে হবে শরিয়াহ সিকিউরিটিজ মডিউলে (এসএসএম)। সুকুক কেনার ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ হতে হবে ১০ হাজার টাকার গুণিতক।
নতুন বিনিয়োগকারীদের জন্য এসআই আইডি খোলার সময়সীমাও নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। ব্যাংকের মাধ্যমে আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাঁদের।
নিলামে সফল বিনিয়োগকারীদের অনুকূলে সুকুকের বরাদ্দ নির্ধারণ করা হবে। বরাদ্দের পরিমাণ আগামী ১ ডিসেম্বর বিকেল ৩টায় এসএসএমে জানা যাবে।
সরকারি এ সুকুকের মাধ্যমে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়নের পাশাপাশি বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর জন্য ইসলামি বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে।