![]()
ইবি রিপোর্ট
গভীর রাতে মোটরসাইকেলে এসে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে পালিয়েছে দুই যুবক। বিস্ফোরণের পর ভবনের সিঁড়িতে কিছুক্ষণ আগুন জ্বললেও পরে তা নিজে থেকেই নিভে যায়। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কে ডি ঘোষ রোডে এ ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে চলে যায়।
তিনি জানান, বোমাটি ভবনের সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হয়। এ সময় সেখানে কিছুক্ষণ আগুন জ্বললেও পরে তা স্বাভাবিকভাবেই নিভে যায়। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ওসি মো. লোকমান হোসেন আরও বলেন, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নগর ভবনের সিঁড়িতে সামান্য দাগ পড়েছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। পেট্রলবোমা নিক্ষেপের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে খুলনা সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানিয়েছেন, নগর ভবনের নিরাপত্তায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার দৃশ্য দেখা গেছে। ফুটেজে সামনের সড়ক থেকে একটি বস্তু ভবনের দিকে ছুড়ে মারতে দেখা যায়। পরে বস্তুটি ভবনের সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর সেখানে আগুনের সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই তা নিভে যায়।
তবে নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা নিয়ে খুলনা সিটি করপোরেশনের কোনো দায়িত্বশীল কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পাশাপাশি হামলায় জড়িতদের শনাক্তের কাজ চলছে। মোটরসাইকেলে আসা দুই যুবকের পরিচয় এবং তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পাঠকের মন্তব্য