![]()
ইবি রিপোর্ট
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংসদ সদস্যদের নিরাপত্তা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর প্রশ্ন, একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার পরও কি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করা হবে না? একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব শুরুর সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদে নাহিদ ইসলাম অভিযোগ করেন, এগার দলীয় ঐক্যের মনোনীত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এতে বাড়ির গবাদিপশুর মৃত্যু হয়েছে। এমন ঘটনার পরও সংসদ সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের যথেষ্ট কারণ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলের চিফ হুইপ। তিনি বলেন, আগের রাত থেকে তাঁরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। অথচ তিনি নিজে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন এবং দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক দল যায়নি।
নাহিদ ইসলামের প্রশ্ন, কোনো ফরেনসিক তদন্ত সম্পন্ন না করেই ওসি কীভাবে বলতে পারেন যে সেখানে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেনি। তদন্তের আগেই এ ধরনের মন্তব্যের কারণও জানতে চান তিনি।
দেশের অন্যান্য সহিংসতার ঘটনাও সংসদে তুলে ধরেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়। এ ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণ হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটলেই সেটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যায় না। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি প্রশ্ন রাখেন, তাহলে একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার পরও কি একইভাবে পরিস্থিতির অবনতির বিষয়টি অস্বীকার করা হবে?
তিনি আরও বলেন, বুধবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেছেন। কিন্তু বাস্তব পরিস্থিতিতে সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সরকার যদি তাঁদের নিরাপত্তা দিতে সক্ষম না হয়, তাহলে তা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার আহ্বান জানান নাহিদ। তিনি বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের পথ আমাদের দেখতে হবে।’
ফ্যাসিবাদী শক্তির হামলায় তাঁদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হতে পারেন বলে সতর্ক করেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামিতার মনোভাব রয়েছে কি না, সে বিষয়ে সুস্পষ্ট জবাব দাবি করেন বিরোধী দলের চিফ হুইপ।
নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণের ঘটনা গুরুতর। বিষয়টি তিনি ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবেন।
স্পিকার আরও বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা নেবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস রয়েছে। পরে নাহিদ ইসলামের বক্তব্যকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করে দিনের নির্ধারিত কার্যসূচিতে ফিরে যাওয়ার ঘোষণা দেন তিনি।
পাঠকের মন্তব্য