![]()
ইবি রিপোর্ট
দেশের ব্যাংকিং খাতের মোট ডিজিটাল লেনদেনের প্রায় ৩৭ শতাংশ নিয়ন্ত্রণ করছে পাঁচটি ব্যাংক। এর শীর্ষে ডাচ-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) খাতে এককভাবে ৬৭ শতাংশ লেনদেন নিয়ে দাপট ধরে রেখেছে বিকাশ। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগের প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে এমএফএস প্রতিষ্ঠানগুলো ৬ লাখ ৬০ হাজার কোটি টাকার লেনদেন করেছে। এর ৯৯ দশমিক ১৫ শতাংশই সম্পন্ন করেছে শীর্ষ তিন প্রতিষ্ঠান।
ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেনে ডাচ-বাংলা ও ব্র্যাকের পর তৃতীয় থেকে দশম স্থানে আছে যথাক্রমে ইসলামী ব্যাংক বাংলাদেশ, পূবালী, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ইস্টার্ন, সিটি, ইউনাইটেড কমার্শিয়াল, যমুনা ও সোনালী ব্যাংক। শীর্ষ ১০ ব্যাংক মিলে মোট ডিজিটাল লেনদেনের ৫৫ দশমিক ২১ শতাংশ নিয়ন্ত্রণ করছে। তালিকার একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী। এতে বোঝা যায়, সরকারি ব্যাংকগুলোতে ডিজিটাল সেবা আরও বাড়ানোর সুযোগ আছে।
প্রতিবেদন বলছে, বড় অঙ্কের লেনদেনে গ্রাহকেরা ব্যাংকের ওপর বেশি নির্ভর করেন। ছোট অঙ্কের পেমেন্টে এমএফএস প্ল্যাটফর্ম বেশি জনপ্রিয়। ডিজিটাল ও নগদ, দুই ধরনের লেনদেনেই ব্যাংককে প্রধান মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন গ্রাহকেরা।
২০২৫ ও ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এমএফএসে ডিজিটাল লেনদেন বেড়েছে ৬ দশমিক ৬৯ শতাংশ। এতে বোঝা যায়, গ্রাহকেরা নগদ উত্তোলনের চেয়ে সরাসরি ডিজিটাল পেমেন্টের দিকে বেশি ঝুঁকছেন।
ব্যাংক ও এমএফএস মিলিয়ে ডিজিটাল ও নন-ডিজিটাল লেনদেনের ৫৭ দশমিক ৭৯ শতাংশ সম্পন্ন করেছে শীর্ষ ১০ ব্যাংক। এগুলো হলো সোনালী, পূবালী, রূপালী, ডাচ-বাংলা, ব্র্যাক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মার্কেন্টাইল, ইস্টার্ন, জনতা ও অগ্রণী। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, লেনদেন ও আমানতে গ্রাহকদের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রতি ঝোঁক সাধারণত বেশি।
২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুনের মধ্যে ব্যাংক ও এমএফএস মিলিয়ে ডিজিটাল লেনদেন বেড়েছে ২৩ দশমিক ৪৬ শতাংশ। এ সময়ে ডাচ-বাংলা ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন করে ৯ দশমিক ৫০ শতাংশ বাজার অংশীদারত্ব পেয়েছে। ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা বা ৯ দশমিক ৩২ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক। এমএফএসে বিকাশ প্রায় ৪ লাখ ৪১ হাজার কোটি এবং নগদ ১ লাখ ২৩ হাজার কোটি টাকার লেনদেন করেছে।
ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আস্থা অ্যাপ এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের ডিজিটাল লেনদেনে প্রবেশাধিকার আরও সম্প্রসারিত করেছে।’
বিকাশের করপোরেট কমিউনিকেশনসের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ২০১১ সালে বাংলাদেশ ব্যাংকের নিয়মের আওতায় ব্যাংকবহির্ভূত ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে আর্থিক অন্তর্ভুক্তি পৌঁছাতে যাত্রা শুরু করে বিকাশ। ১৫ বছরে প্রযুক্তিগত উদ্ভাবন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বে তারা দেশজুড়ে একটি ডিজিটাল ইকোসিস্টেম গড়েছে। এখন সাড়ে আট কোটির বেশি নিবন্ধিত গ্রাহককে ২০০টিরও বেশি পণ্য ও সেবা দিচ্ছে বিকাশ, যা দেশের প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের ৭ জনের কাছে পৌঁছেছে। তাঁর মতে, ডিজিটাল পেমেন্টের ক্রমবর্ধমান সুবিধাই এমএফএসে ক্যাশলেস লেনদেন বাড়িয়েছে।
বাংলা কিউআর
২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে বাংলা কিউআর ইস্যু করে লেনদেনে নেতৃত্ব দিয়েছে বিকাশ, রকেট ও ব্র্যাক ব্যাংক। এ তিন প্রতিষ্ঠান মিলে মোট লেনদেনের ৮২ দশমিক ৭০ শতাংশ সম্পন্ন করেছে। শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মোট অংশীদারত্ব ৯৫ দশমিক ৭৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এর পেছনে প্রতিষ্ঠানগুলোর বিশাল গ্রাহক ভিত্তিই মূল ভূমিকা রেখেছে।