![]()
ইবি রিপোর্ট
টাঙ্গাইলের ভূঞাপুরে দায়িত্ব পালনকালে অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডেও সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত মোল্লা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রায়হান হাবিব বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরে সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে একই দায়িত্ব পালন করেছেন। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
অভিযোগের মধ্যে রয়েছে বিধিমালার ২(খ) ধারায় বর্ণিত অসদাচরণের সংজ্ঞাভুক্ত অপরাধ। পাশাপাশি বিধি ৩(খ)-এ উল্লেখিত অসদাচরণ এবং ৩(ঘ)-এ বর্ণিত দুর্নীতিপরায়ণতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ৬/২০২৬ নম্বর বিভাগীয় মামলা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তি নিশ্চিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী আদেশটি দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (১) ধারা অনুসরণ করা হয়েছে।
বিভাগীয় কার্যক্রম চলাকালে রায়হান হাবিব নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি অনুযায়ী খোরাকি ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, তাঁর বিরুদ্ধে আরও একটি অভিযোগ রয়েছে জমি নিবন্ধনকে কেন্দ্র করে। গত ২৮ অক্টোবর চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এনআরবির এক কর্মকর্তা হত্যা মামলার আসামি এবং আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের নামে ৬৫টি জমির বিক্রয় দলিল নিবন্ধন করেন রায়হান হাবিব। বদলির আগে এসব দলিল নিবন্ধন করা হয়েছিল। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে।