![]()
ইবি রিপোর্ট
নতুন পে স্কেল ধাপে ধাপে কার্যকরের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা নির্ধারণে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী, যে মাসে কোনো কর্মচারী শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে পাওয়া মূল বেতনের সমান অর্থই ভাতা হিসেবে পাবেন।
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, নির্দেশনাটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৮৯ সালের ২০ মার্চের অর্থ বিভাগের স্মারক অনুযায়ী ছুটিতে যাওয়ার মাসে একজন কর্মচারী যত টাকা মূল বেতন পাবেন, বিনোদন ভাতাও হবে ততই। নতুন বেতনকাঠামো পর্যায়ক্রমে বাস্তবায়নের সময়ও একই নিয়ম মানতে হবে।
ভাতা নির্ধারণে পরে পে-ফিক্সেশনের মাধ্যমে পুনর্নির্ধারিত বেতন ধরা হবে না। অর্থাৎ ছুটিতে যাওয়ার মাসে কর্মচারী বাস্তবে যে মূল বেতন পাবেন, তার ভিত্তিতেই ভাতার অঙ্ক ঠিক হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মচারী একবার ভাতা নেওয়ার পর পে-ফিক্সেশনের কারণে বেতন পুনর্নির্ধারিত হলে এ খাতে অতিরিক্ত বা বকেয়া অর্থ পাওয়ার সুযোগ থাকবে না।
অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের প্রেক্ষাপটেই এটি দেওয়া হয়েছে