![]()
ইবি রিপোর্ট
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়ন, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর লিডার্স সামিটে অংশ নিয়ে বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের এসব প্রয়োজনের কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো ও আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে আনতালিয়ার এক্সিবিশন সেন্টারে পৌঁছান তারেক রহমান। সেখানে তাঁকে স্বাগত জানান কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। পরে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ এবং মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফানের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। এ ছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, লন্ডনের মেয়র সাদিক খান এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।
দুপুর সোয়া ১২টায় বিশ্বনেতাদের অংশগ্রহণে আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে।
জলবায়ু সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনায় দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের বিষয়গুলো স্থান পায়।
বৈঠকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। জবাবে প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে তাঁকে আশ্বস্ত করেন। আনতালিয়ায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বুধবার আনতালিয়ায় অনুষ্ঠিত এ আলোচনায় দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ কয়েকটি সম্ভাবনাময় প্রকল্পে চীনের বিনিয়োগের বিষয়টি বৈঠকে উঠে এসেছে। পাশাপাশি বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে সংযুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও স্থান পায়। এ সংকটের টেকসই সমাধানে চীনের সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ। হুমায়ুন কবির বলেন, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি এ সমস্যার সমাধানে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। আনতালিয়ায় জলবায়ু সম্মেলনের গ্রিন জোনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
বুধবার বিকেলে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়ন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজ নেন তিনি।
প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
এ সময় বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগগুলো প্রদর্শন করা হয়। প্যাভিলিয়নের কর্মীদের সঙ্গে কথা বলে প্রদর্শিত পণ্য, কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে এসব কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সমকালকে বলেন, কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রধান আলোচ্য বিষয় জলবায়ু অর্থায়ন। বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে কম হলেও জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিকে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
তিনি জানান, উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনের মতো সমস্যা মোকাবিলায় বিপুল অর্থ ও উন্নত প্রযুক্তি প্রয়োজন। এ অবস্থায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন, অভিযোজন কার্যক্রমে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা নিশ্চিত করা জরুরি।
শেখ ফরিদুল ইসলাম বলেন, কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের দাবিগুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরার একটি কূটনৈতিক সুযোগ। পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক ও আলোচনার মাধ্যমে জলবায়ু, প্রযুক্তি এবং উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন শেষে বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নের ক্ষেত্রে ঋণের পরিবর্তে অনুদান প্রয়োজন। বাংলাদেশ জলবায়ু তহবিল থেকে অনুদান প্রত্যাশা করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি এবং তা মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে উপস্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ৩১-এ বাংলাদেশ প্রতিনিধি দলের ডেপুটি পার্টি হেড ড. সাইমুম পারভেজ সাংবাদিকদের বলেন, জলবায়ু সম্মেলনে বাংলাদেশ নিজেদের সংকট তুলে ধরার পাশাপাশি বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে চায়।
তিনি জানান, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিকে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এ কারণে অভিযোজন তহবিল, প্রশমন তহবিল এবং লস অ্যান্ড ড্যামেজ তহবিলের অর্থ বাড়ানোর দাবি জানাচ্ছে বাংলাদেশ।
পাঠকের মন্তব্য