![]()
ইবি রিপোর্ট
বাজারে নিত্যপণ্যের বাড়তি দামে সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে কম দামে চাল ও আটা কিনতে রাজধানীতে ওএমএস ট্রাকের সামনে দীর্ঘ হচ্ছে মানুষের সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন না। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে অনেক ক্রেতাকে।
গতকাল বুধবার সকালে রাজধানীর আদাবর এলাকায় প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করে চাল ও আটা কেনেন রিকশাচালক মাসুদুর রহমান। পায়ে চালিত রিকশা থেকে পাওয়া আয় দিয়ে তাঁর সংসারের খরচ মেটানো কঠিন। তাই সপ্তাহে অন্তত দুই দিন খাদ্য অধিদপ্তরের খোলাবাজারে বিক্রির (ওএমএস) ট্রাক থেকে পণ্য কেনেন তিনি।
বেলা সাড়ে ১১টার দিকে আদাবরে বাদশাহ্ ফয়সল ইনস্টিটিউটের সামনে তাঁর সঙ্গে কথা হয়। ৫৭ বছর বয়সী মাসুদুর বলেন, ‘এখন পায়ের গাড়ির ক্ষ্যাপ (ট্রিপ) কম। সারা দিন চালাইলে ৩০০-৪০০ টাকার বেশি হয় না। ধারদেনা যাতে করতে না হয়, সে জন্য খরচ কমাইতে ট্রাক থেকে চাল, আটা কিনি।’
ওএমএসের ট্রাকে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। অথচ খুচরা বাজারে একই চালের দাম ৫৫ টাকা। অন্যদিকে বাজারে আটার কেজি ৫০ টাকা হলেও ট্রাকে পাওয়া যাচ্ছে ২৮ টাকায়। একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও চার কেজি আটা কিনতে পারেন। এতে মোট ২১৫ টাকা সাশ্রয় হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় সম্প্রতি ওএমএস ট্রাকের সামনে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষেরা এসব পণ্যের দিকে ঝুঁকছেন। বাজারে সয়াবিন তেল, মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দামও চড়া। পাশাপাশি চালের দাম বাড়তি থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বুধবারের এক প্রতিবেদনে বাংলাদেশের দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির চিত্র উঠে এসেছে। ২০২২ সাল থেকে দেশে মূল্যস্ফীতি অব্যাহত রয়েছে। গড় মূল্যস্ফীতির হার প্রায় ৯ শতাংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে মানুষের প্রকৃত আয় কমেছে, অথচ কর্মসংস্থান বাড়েনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জীবনযাত্রার ব্যয় বাড়ায় পোশাকশ্রমিকেরা মৌলিক চাহিদা পূরণে সংকটে পড়েছেন। ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের মজুরি বাড়েনি। ফলে কোনো কোনো পরিবার ভাত ও সবজি খেয়ে দিন কাটাচ্ছে। অনেকে অসুস্থ হলেও চিকিৎসা নিতে পারছেন না।
গত মাসে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংকও দারিদ্র্য পরিস্থিতি তুলে ধরেছে। সংস্থাটির হিসাবে, গত চার বছরে দেশে নতুন করে দরিদ্র হয়েছেন ৮০ লাখ মানুষ। দারিদ্র্যসীমার সামান্য ওপরে রয়েছেন প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ। অর্থনৈতিক ধাক্কা কিংবা প্রাকৃতিক দুর্যোগে তাঁদের দরিদ্র হওয়ার ঝুঁকি রয়েছে।
এদিকে তৈরি পোশাকশ্রমিকেরা মাসিক ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন। সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি শ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে।
ওএমএসের পণ্য যথেষ্ট নয়
গতকাল রাজধানীর ১১৮টি স্থানে ট্রাকে চাল ও আটা বিক্রি করেছে খাদ্য অধিদপ্তরের অধীন ঢাকা রেশনিং। প্রতিটি ট্রাকে দেড় টন চাল ও দুই টন আটা রাখা হয়। এই পরিমাণ পণ্য থেকে ৩০০ জন চাল এবং ৪০০ জন আটা কিনতে পারেন।
তবে চালের চাহিদা বেশি থাকায় অনেক ক্রেতা পণ্য না পেয়েই ফিরে যাচ্ছেন। গতকাল বেলা তিনটায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে একটি ট্রাকের পেছনে অন্তত ৩৫ জন নারী-পুরুষ অপেক্ষা করছিলেন। তাঁদের সবাই চাল কিনতে চাইলেও ততক্ষণে চাল বিক্রি শেষ হয়ে যায়। সেখানে শুধু আটা অবশিষ্ট ছিল।
ফলে অনেককে খালি হাতে ফিরতে হয়েছে। কয়েকজন শুধু আটা কিনে বাড়ি ফেরেন। সকালে ওই স্থানে অপেক্ষমাণ মানুষের সংখ্যা আরও বেশি ছিল।
প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও চাল পাননি গৃহকর্মী নাজমুন নাহার। শেষ পর্যন্ত খালি হাতে ফেরার সময় তিনি জানান, চাল কেনার আশায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সব চাল বিক্রি হয়ে যায়।
সরকারি খাদ্যসহায়তার আরেকটি মাধ্যম ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৭৫ লাখ পরিবারের কাছে ভর্তুকি মূল্যে চাল, ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি বিক্রি করে। মাঝেমধ্যে আটা, লবণ, সাবান ও ডিটারজেন্টও তালিকায় যুক্ত হয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি বিক্রির ব্যবস্থা রয়েছে। তবে টিসিবির এই ট্রাক সেল ছয় মাস ধরে বন্ধ। সর্বশেষ গত মে মাসে ঈদুল আজহার আগে ট্রাকে পণ্য বিক্রি করেছিল সংস্থাটি।
মোহাম্মদপুরে গতকাল ওএমএস ট্রাক থেকে পণ্য কিনতে অপেক্ষা করছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শামসুল ইসলাম। ঢাকার স্থায়ী বাসিন্দা না হওয়ায় তিনি টিসিবির পরিবার কার্ড পাননি। তাঁর মাসিক বেতন ২০ হাজার টাকার কম। তাই সংসারের ব্যয় সামলাতে কম দামে চাল ও আটা কেনেন তিনি। টিসিবির ট্রাক চালু থাকলে তেল, ডাল ও চিনিও কিনতে পারতেন বলে জানান।
ওএমএসের পরিধি বাড়ানোর পরামর্শ
সরকারের চলমান খাদ্যসহায়তা কর্মসূচি প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয় বলে মনে করেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক।
তিনি বলেন, ‘তিন-চার বছর আগে যখন মূল্যস্ফীতি কম ছিল, তখনই আমরা ওএমএসের পরিধি বাড়ানোর তাগিদ দিয়েছিলাম। মূল্যস্ফীতির ধাক্কায় এই সহায়তার প্রয়োজনীয়তা এখন আরও বেড়েছে।’
এম এ রাজ্জাক আরও বলেন, সরকারের বাজেটে অর্থনৈতিক চাপ ও সীমাবদ্ধতা থাকলেও সামাজিক সুরক্ষা খাত উপেক্ষা করার সুযোগ নেই। ঢাকার বাইরের শহরাঞ্চলেও ছিন্নমূল মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। তাই ওএমএস কার্যক্রম কেবল ঢাকায় সীমাবদ্ধ না রেখে অন্যান্য শহরেও সম্প্রসারণ করা জরুরি বলে মনে করেন তিনি।