![]()
ইবি রিপোর্ট
পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও উৎপাদন বিঘ্নের মধ্যে কঠোর অবস্থানের পথে হাঁটছে মালিকপক্ষ। পরিস্থিতির উন্নতি না হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিবেচনা করছে বিজিএমইএ। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডের আনুষ্ঠানিক আলোচনা বর্জনেরও প্রস্তুতি নিচ্ছেন পোশাকশিল্প মালিকেরা।
এ পরিস্থিতিতে আগামী শনিবার জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে এসব বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
বৈঠকে মাহমুদ হাসান খান মালিকপক্ষের অবস্থান তুলে ধরে বলেন, ‘মজুরির আলোচনা চলবে, আবার একই সঙ্গে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা চলবে—এ দুটি একসঙ্গে চলতে পারে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করব। পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে শনিবারের জরুরি সাধারণ সভা থেকে ১৩ (১) ধারায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের পরবর্তী আলোচনায় আমরা আদৌ অংশ নেব কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
আগামী ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে মালিকপক্ষ প্রস্তাব জমা দিলেও আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মালিকদের রাস্তায় ব্যস্ত রেখে আলোচনার টেবিলে সুস্থির রাখা সম্ভব নয়।’
বিজিএমইএর প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তাঁর ভাষ্য, শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়নি। কাউকে সহিংস আন্দোলনের নির্দেশনাও দেওয়া হয়নি বলে জানান তিনি।
বাবুল আখতার বলেন, ‘শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ধর্মঘট ডাকা হয়নি এবং কাউকে সহিংস আন্দোলনের নির্দেশনাও দেওয়া হয়নি। একটি মহল সাধারণ শ্রমিকদের আবেগকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। এর মাঝে মালিকপক্ষ যদি বোর্ডের সভায় আলোচনা বর্জন করে, তবে মজুরি চূড়ান্ত করার পুরো বিষয়টি আমরা সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেব।’
বুধবারের জরুরি বৈঠকে ব্যবসায়ী ও শিল্প খাতের একাধিক নেতা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক এবং বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা। উপস্থিত ছিলেন কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার–উল–আলম চৌধুরী পারভেজ ও ড. রুবানা হক।
এ ছাড়া বৈঠকে অংশ নেন খন্দকার রফিকুল ইসলাম, বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার এবং মজুরি বোর্ডের মালিক প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন। আশুলিয়া অঞ্চলের কয়েকজন শীর্ষ পোশাক কারখানার মালিকও সভায় উপস্থিত ছিলেন।
এর আগে পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দেন।
তবে বোর্ডের কার্যক্রম চললেও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বিজিএমইএর সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর মধ্যে শুধু সাভার–আশুলিয়া এলাকার ১৪০টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ছাঁটাই বন্ধের দাবিতে বুধবার সাভার–আশুলিয়ায় দিনভর বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া–পাল্টাধাওয়া ঘটে। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।