![]()
ইবি রিপোর্ট
২০৩০ সালের মধ্যে দেশের প্রতিটি মানুষের জন্য সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। ভৌগোলিক অবস্থান, সামাজিক মর্যাদা কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে সবার কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিমসটেকের সদস্য দেশগুলোর স্বাস্থ্য খাতের মন্ত্রী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানো, পোলিওমুক্ত অবস্থান ধরে রাখা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকার আওতা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে। চলতি নভেম্বরের মধ্যে এ কর্মসূচিতে শতভাগ কভারেজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
স্বাস্থ্য খাতে সরকারের বিনিয়োগ বাড়ানোর বিষয়টি তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে এ বরাদ্দ জিডিপির ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্যসেবার বিস্তার এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে দেশের ৪ হাজার ৬০০-এর বেশি ইউনিয়নে বহুমুখী স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, চলতি বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫১ করার কার্যক্রম নেওয়া হচ্ছে। পাশাপাশি বড় সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, ১৫টি বড় হাসপাতালে উন্নত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং ওয়ান হেলথ পদ্ধতি বাস্তবায়নের কাজ চলছে।
স্বাস্থ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য করতে সমন্বিত ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে নাগরিকদের জন্য ইউনিক ই-হেলথ আইডি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যসেবার তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারের বিষয়েও সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। বিমসটেকের আওতায় আঞ্চলিক জেনেটিক রোগ পর্যবেক্ষণ এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ সদস্য দেশগুলোর মধ্যে স্বাস্থ্যঝুঁকি শনাক্ত ও মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।
বক্তব্যে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, অসংক্রামক রোগ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং মহামারি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। এসব সমস্যা কোনো একটি দেশের একক প্রচেষ্টায় মোকাবিলা করা কঠিন।
তিনি বলেন, বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এসব ক্ষেত্রে সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
পাঠকের মন্তব্য