![]()
ইবি রিপোর্ট
সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি এখনো উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো পুনরায় সচল করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পরিবেশগত নিয়মকানুন না মানলে কোনো প্রতিষ্ঠানকে উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না। বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ অবস্থানের কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) এবং লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং রপ্তানি সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম বড় বাজার। এ ছাড়া প্রতিবেশী ভারতও চামড়াজাত পণ্যের প্রধান ক্রেতাদের একটি হয়ে উঠেছে।
এই বাজারের সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের মান উন্নয়ন, পরিবেশগত শর্ত পূরণ এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘ প্রক্রিয়াকে চামড়াশিল্পের অগ্রগতির পথে বাধা হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, এ খাতের বিদ্যমান সমস্যাগুলো দূর করতে সরকার কাজ করছে। স্থানান্তরের পরও যেসব কারখানা উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালুর জন্য প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।
পরিবেশ সুরক্ষায় নতুন শর্তের কথাও জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি সাভারের প্রতিটি ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ নিতে হবে। পরিবেশগত মানদণ্ড ও বিধিবিধান মানার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববাজারে বাংলাদেশের চামড়াশিল্পের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে বলে মনে করেন তিনি।
দেশের অর্থনীতিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) অবদান বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, নতুন কর্মসংস্থান এবং আয়বৈষম্য কমাতে এ খাতের সম্প্রসারণ দরকার। বর্তমানে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম। অর্থনৈতিক বৈষম্য কমাতে তা অন্তত ৬০ শতাংশে নেওয়া প্রয়োজন।
ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে নথিপত্র ও প্রক্রিয়াগত জটিলতা কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এসব প্রতিবন্ধকতার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হন। এ পরিস্থিতি পরিবর্তনে এসএমই ফাউন্ডেশন নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণ পেতে পারেন।
মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে এটিকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন তিনি।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণে দুই দেশের সহযোগিতা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।
তিনি বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং চামড়াশিল্পের বিকাশে নেদারল্যান্ডস সরকার, সিবিআই ও উন্নয়ন সহযোগীদের অবদানের প্রশংসা করেন। পরিবেশবান্ধব উৎপাদন, টেকসই শিল্পায়ন এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়িয়ে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রত্যয় জানান।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে সিবিআইয়ের হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সংশ্লিষ্ট শিল্পের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং রপ্তানির নতুন সুযোগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
পাঠকের মন্তব্য