![]()
ইবি রিপোর্ট
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, মাদকসহ কয়েকজনকে আটকের পর ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেন।
আহত পুলিশ সদস্যরা হলেন ডিবির উপপরিদর্শক (এসআই) জনি ও জিহাদ এবং কনস্টেবল ইমরান। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানের সময় ছাত্রদল নেতা সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে মাদকসহ আটক করা হয়।
তাদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়া সরকারি কলেজ ও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা ডিবি পুলিশের সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ডিবি সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় আটক ব্যক্তিদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। হামলায় দুই উপপরিদর্শক ও এক কনস্টেবল আহত হন।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহত ডিবি সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় বক্তব্য জানতে ছাত্রদল নেতা সংগ্রাম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি কলেজ ক্যাম্পাসে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এতে গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।
পাঠকের মন্তব্য