![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে আবুধাবিতে আলোচনায় বসেছে তিন পক্ষ। যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্য নিয়ে বৈঠক করছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার শুরু হওয়া দুই দিনের এই আলোচনা গত ফেব্রুয়ারির পর প্রথম। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এটি প্রথম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা।
আলোচনায় যুদ্ধ বন্ধের পাশাপাশি দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো নিয়ে প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। রাশিয়া ও ইউরোপের মধ্যে নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলার বিষয়টিও রয়েছে। তবে মস্কোর দাবিতে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা আলোচনার লক্ষ্য ব্যাখ্যা করেছেন। তাঁদের মতে, কেবল যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান নিশ্চিত করাই উদ্দেশ্য। এ প্রক্রিয়ায় ইউরোপকে আলোচনার টেবিলে রাখার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তাঁরা। ন্যাটো-রাশিয়া কাউন্সিল পুনরুজ্জীবিত করার বিষয়টি আলোচনায় আসতে পারে। সমঝোতার অংশ হিসেবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও উঠতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিরাপত্তা কাঠামোয় কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে নিয়মিত পরামর্শ ও নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। সামরিক কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং উত্তেজনা কমানোর পদক্ষেপও এতে অন্তর্ভুক্ত। পারস্পরিক উদ্যোগের মাধ্যমে সংকট মোকাবিলার ব্যবস্থাও রাখতে চায় ওয়াশিংটন।
মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার নতুন কাঠামোর সম্ভাবনা তুলে ধরেছেন। তাঁর মতে, এটি ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে নিরাপত্তা সম্পর্ক তৈরি করতে পারে। এর মাধ্যমে কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দী শান্তি বজায় রাখার পরিবেশ তৈরি হতে পারে।
আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফও অংশ নিচ্ছেন। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গোয়েন্দাপ্রধান রুস্তেম উমেরভ। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। প্রথমবারের মতো রুশ প্রতিনিধি দলে কূটনীতিক সের্গেই রিয়াবকভও রয়েছেন।
চার অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় রাশিয়া
ইউক্রেনের চারটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে রাশিয়া। অঞ্চলগুলো হলো দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন। ২০২২ সালের সেপ্টেম্বরে এগুলো নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেয় মস্কো। তবে অঞ্চলগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ এখনো নিতে পারেনি রাশিয়া।
এ ছাড়া ইউক্রেনের ন্যাটোতে যোগদানের চেষ্টা বন্ধের দাবি রয়েছে মস্কোর। দেশটির সামরিক সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপের দাবিও জানিয়েছে রাশিয়া। রুশ ভাষা ও মস্কোপন্থি অর্থোডক্স চার্চের ওপর বিধিনিষেধ প্রত্যাহারও চায় তারা।
রাশিয়ার এসব দাবি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর মতে, ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকাতে নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতিকে বৃহত্তর সমঝোতার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে। অন্যদিকে, ট্রাম্পের বক্তব্যে ইউক্রেনের ভূখণ্ড পরিবর্তনের সম্ভাবনার কথা উঠে এসেছে।
যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহতের তথ্য
ফাঁস হওয়া রুশ সরকারি পরিসংখ্যানে সেনা নিহতের নতুন হিসাব পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত চার লাখ ১২ হাজার ৫৭৬ রুশ সেনা নিহত হয়েছেন। দেশটির পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের এক কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদ বিশ্লেষণ করা হয়েছে। হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো এই তথ্য পেয়েছে। তবে এসব তথ্যের সম্পূর্ণ সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
যুদ্ধ বন্ধে ভারতের সহযোগিতার প্রস্তাব
আবুধাবি বৈঠকের আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেছেন জেলেনস্কির সঙ্গে। টেলিফোনে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় সহযোগিতার আগ্রহ জানান তিনি। দুই নেতা যুদ্ধের মানবিক প্রভাব নিয়েও আলোচনা করেন। কৃষ্ণসাগরে খাদ্যশস্য পরিবহন এবং দ্বিপক্ষীয় সম্পর্কও আলোচনায় উঠে আসে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য করিডোর প্রতিষ্ঠায় সহযোগিতার কথা জানিয়েছেন জেলেনস্কি। এ কাজে ভারত প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
সাবেক সোভিয়েত বলয়ে রাশিয়ার প্রভাব নিয়ে প্রশ্ন
সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর ওপর মস্কোর প্রভাব নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। বুধবার মস্কোয় সমষ্টিগত নিরাপত্তাচুক্তি সংস্থার (সিএসটিও) শীর্ষ সম্মেলন হওয়ার কথা। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আর্মেনিয়া সংস্থাটির কার্যক্রমে অংশ নিচ্ছে না। নাগোরনো-কারাবাখ সংঘাতে সহযোগিতা না পাওয়ায় সংস্থাটির ওপর আস্থা হারিয়েছে দেশটি।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানিয়েছেন, সিএসটিও নিয়ে তাঁদের আগ্রহ শেষ হয়েছে। এদিকে মধ্য এশিয়ার দেশগুলো বিকল্প নিরাপত্তা সহযোগিতার দিকে ঝুঁকছে। তুরস্কের নেতৃত্বাধীন সংস্থাসহ বিভিন্ন বিকল্প কাঠামোর সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে তারা।