![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচনের দুই সপ্তাহ পরও কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। ফলে নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন বেনিয়ামিন নেতানিয়াহু। অন্তর্বর্তী দায়িত্ব পালন করলেও রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে তাঁর ক্ষমতা বহাল থাকছে।
গতকাল মঙ্গলবার দেশটির নতুন পার্লামেন্টের যাত্রা শুরু হয়েছে। তবে নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এ কারণে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। গত রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব পালনে তিনি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে তাঁর জন্য আরও ১৪ দিন সময় বাড়ানো সম্ভব।
দেশটির আইন অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়ার আগপর্যন্ত বিদায়ী সরকার দায়িত্ব পালন করতে পারে। সেই নিয়মে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন নেতানিয়াহু। ফলে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ, নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্ত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষমতা তাঁর হাতেই থাকছে।
তবে নতুন করে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত এককভাবে নিতে পারবেন না নেতানিয়াহু। এ ধরনের পদক্ষেপের জন্য মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। তা সত্ত্বেও ইরান ও লেবানন ঘিরে চলমান উত্তেজনা কাজে লাগিয়ে তিনি সামরিক পদক্ষেপ নিতে পারেন বলে বিশ্লেষকদের আশঙ্কা।
এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে। ফলে অন্তর্বর্তী দায়িত্বে থাকলেও নিরাপত্তা ব্যবস্থাপনায় নেতানিয়াহুর প্রভাব বজায় থাকবে।
পার্লামেন্টে নতুন ৪৬ সদস্য
ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটে শপথ নিতে যাচ্ছেন মোট ১২০ জন সদস্য। তাঁদের মধ্যে ৪৬ জন এবারই প্রথম আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব নিচ্ছেন। গতকাল ফিলিস্তিনের জেরুজালেমে নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নতুন পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যাও আগের তুলনায় বেড়েছে। এবার নির্বাচিত হয়েছেন ৩৩ জন নারী সদস্য। গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির ২১টি আসনের মধ্যে ১৫টিতে নতুন মুখ আসছেন।
আইজেনকটের বিরোধী জোটের আসনসংখ্যা ৪৮। আরব-ইসরায়েলি আইনপ্রণেতাদের ১৯টি আসনের সমর্থন পেলে জোটটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। তবে বিরোধী নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠনের বিরোধিতা করছেন।
অন্যদিকে ১৩ আসনের কট্টর ইহুদি দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে সরকার গঠনের সমীকরণ এখনো অনিশ্চিত রয়ে গেছে।
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু নতুন আইন পাস করে নিজের চলমান দুর্নীতির বিচার থেকে দায়মুক্তি নিতে পারবেন না। তবে তাঁর নেওয়া কিছু আর্থিক সিদ্ধান্ত পরবর্তী সরকারের ওপর ঋণের চাপ বাড়াতে পারে।
এদিকে বিরোধীদের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছেন নেতানিয়াহু। অন্যদিকে নতুন পার্লামেন্টে নিরাপত্তা ব্যর্থতার কারণ অনুসন্ধানে তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নিতে চায় বিরোধী দলগুলো।