![]()
ইবি রিপোর্ট
তৃণমূল পর্যায়ে জনগণের জরুরি প্রয়োজন পূরণে সংসদ সদস্যদের হাতে অতিরিক্ত অর্থ দেওয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ লক্ষ্যে উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে এমপিদের অনুকূলে মোট ১ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে আইনপ্রণেতাদের সরাসরি এ ধরনের অর্থ দেওয়ার প্রস্তাব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও জবাবদিহিতা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
গত ১০ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে পৃথক দুটি চিঠি পাঠিয়ে এই বরাদ্দের অনুরোধ জানান।
প্রস্তাব অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকার বাইরের ২৪৮ জন সংসদ সদস্যের প্রত্যেকের জন্য ৫ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। অন্যদিকে, সিটি কর্পোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের জন্য একই হারে ৫ কোটি টাকা করে মোট ১৮০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে বিশেষ বরাদ্দের পরিমাণ দাঁড়াচ্ছে ১ হাজার ৫০০ কোটি টাকা।
অর্থসচিবকে পাঠানো চিঠিতে স্থানীয় সরকার সচিব উল্লেখ করেন, দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের পর জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বর্তমান সরকারের কাছেও মানুষের চাহিদা অনেক বেশি।
চিঠিতে বলা হয়, সংসদীয় ব্যবস্থা চালু হওয়ায় তৃণমূলের মানুষ নিজেদের ছোটখাটো অথচ জরুরি সমস্যাগুলো সংসদ সদস্যদের কাছে তুলে ধরছেন। নির্বাচনী এলাকায় গিয়ে এমপিরা মানুষের সমস্যার কথা শুনলেও তাদের বর্তমান ‘ঐচ্ছিক তহবিল’-এর পরিমাণ দিয়ে এসব চাহিদা পূরণ করা কঠিন। বর্তমানে একজন সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলে বরাদ্দ রয়েছে মাত্র ৫ লাখ টাকা।
স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে অর্থ নিয়ে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং সহায়হীন মানুষের পাশে দাঁড়ানোসহ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যয় করা হবে।
তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সংসদ সদস্যদের সরাসরি এ ধরনের বরাদ্দ দেওয়া হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব উন্নয়ন কার্যক্রমের সঙ্গে বিরোধ তৈরি হতে পারে। উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের দায়িত্বের সঙ্গে সংসদ সদস্যদের অর্থ ব্যয়ের ক্ষমতা যুক্ত হলে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং স্বজনপ্রীতির সুযোগ বাড়ার আশঙ্কা রয়েছে।
অতীতে এ ধরনের বরাদ্দের মাধ্যমে আইন প্রণয়ন ও তদারকির দায়িত্বের বাইরে গিয়ে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হওয়ার সমালোচনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিবর্তে আইনপ্রণেতাদের হাতে অর্থের নিয়ন্ত্রণ দিলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতি বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
বিশেষ বরাদ্দের প্রস্তাবের পাশাপাশি সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার অবকাঠামোগত উন্নয়নে আটটি বিভাগে মোট ১৬টি প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। প্রতিটি বিভাগে দুটি করে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
এর মধ্যে একটি প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিভাগের শহরাঞ্চলের সংসদীয় আসনগুলোতে উন্নয়নকাজ করা হবে। অন্য প্রকল্পটি বাস্তবায়িত হবে শহরের বাইরের সংসদীয় এলাকাগুলোতে।
প্রস্তাবিত প্রকল্পগুলোর অধীনে প্রতিটি সংসদীয় আসনের জন্য বছরে ১০ কোটি টাকা করে পাঁচ বছরে মোট ৫০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। এই অর্থ দিয়ে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পছন্দ অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন।
এ জন্য এমপিরা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, সেতু, কালভার্ট, হাটবাজার ও ঘাটের তালিকা দেবেন। তাদের দেওয়া তালিকা অনুসারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উন্নয়নকাজ বাস্তবায়ন করবে।
স্থানীয় সরকার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। দ্রুত এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।
বর্তমানে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকার সড়ক, সেতু, কালভার্ট, হাটবাজার এবং গ্রামীণ ও শহুরে অবকাঠামো উন্নয়নে বিভিন্ন ধরনের থোক বরাদ্দ ও বিশেষ তহবিলের সুবিধা পেয়ে থাকেন।
এর আগে প্রতিটি সংসদীয় আসনের জন্য ১৫ থেকে ২০ কোটি টাকা পর্যন্ত থোক বরাদ্দের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। এসব অর্থ দিয়ে এমপিরা নিজেদের পছন্দ অথবা এলাকার অগ্রাধিকার অনুযায়ী উন্নয়নকাজ বাস্তবায়ন করেছেন।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশনের উন্নয়ন সহায়তা খাতের বিশেষ অনুদান থেকেও সংসদ সদস্যদের মনোনীত বা প্রস্তাবিত প্রকল্পে অর্থ দেওয়া হয়ে থাকে।
চলতি অর্থবছরে সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে সরকার পৃথকভাবে ৬ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল বাজেটে রেখেছে। এর একটি বড় অংশ সংশ্লিষ্ট সংসদীয় এলাকার চাহিদা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের ৩ হাজার ২৫৩টি ইউনিয়ন পরিষদের অনুকূলে মোট ৩২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থের একটি বৈশিষ্ট্য হলো, সংসদ সদস্যদের সরাসরি মনোনয়ন ও সুপারিশ করা স্থানীয় যোগাযোগ এবং পরিবহন অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ পর্যায়ে অনুদান দেওয়া হয়েছে।
অন্যদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এবং কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচিতেও অর্থ বরাদ্দ রয়েছে।
টিআর কর্মসূচিতে সংসদীয় আসনভিত্তিক সংসদ সদস্যদের অনুকূলে প্রতিবছর চাল ও গমের পাশাপাশি সমপরিমাণ নগদ অর্থ দেওয়া হয়। এসব অর্থ দিয়ে এলাকার দরিদ্র মানুষের ঘরবাড়ি মেরামত এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার করা হয়। কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার ও মাটি ভরাটের কাজেও খাদ্যশস্য এবং অর্থ বরাদ্দ দেওয়া হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ ও ঐচ্ছিক তহবিল থেকেও সংসদীয় এলাকার সামাজিক ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নে বিশেষ মঞ্জুরি দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে বিভিন্ন সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী আসনে মসজিদ, ঈদগাহ ও কবরস্থান উন্নয়নের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
পাঠকের মন্তব্য