![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
সামরিক হামলা কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অবসান ঘটানো যাবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার মতে, সংঘাত নিরসনে শক্তি প্রয়োগের পরিবর্তে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সম্মান প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ইরানের দেওয়া শর্ত ও প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি জানান, দুই দিনের বিশেষ পরিকল্পনার আওতায় ইরানের পক্ষ থেকে যেসব দাবি ও শর্ত উপস্থাপন করা হয়েছে, সেগুলো ওয়াশিংটনকে গ্রহণ করতে হবে। প্রস্তাবগুলো এখনো আলোচনার টেবিলে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে ট্রাম্প কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। বিষয়টি তার অনেক আগেই উপলব্ধি করা উচিত ছিল। ভবিষ্যতেও এই সংঘাতের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত উদ্দেশ্য পূরণ হবে না বলে মন্তব্য করেন আরাগচি।
সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের খারাপ ফলাফলের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। আরাগচির ভাষ্য, ইসরাইলকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রকে বারবার যুদ্ধে জড়ানোর যে নীতি ট্রাম্প অনুসরণ করেছেন, তা দেশটির সাধারণ মানুষ সমর্থন করেন না।
তিনি বলেন, এই নীতির প্রতি মার্কিন জনগণের বিরোধিতার বিষয়টি বুঝতে ট্রাম্পের নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল না।
এ ছাড়া ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং নিষেধাজ্ঞা আরোপের কৌশল নিয়েও মন্তব্য করেন আব্বাস আরাগচি। তার প্রত্যাশা, এ ধরনের পদক্ষেপ যে সম্পূর্ণ ভুল, তা খুব শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারবেন।
সূত্র: আল-জাজিরা।
পাঠকের মন্তব্য