![]()
ইবি রিপোর্ট
জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক দূরত্ব বাড়লেও ১১ দলীয় ঐক্য ছাড়ার পরিকল্পনা নেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে জোটের কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সংসদেও জামায়াতের সঙ্গে ঐক্য বজায় রাখতে চায় দলটি। তবে নিজস্ব রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে অন্যান্য ইস্যুতে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।
দলগুলোর নেতা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র সমকালকে এসব তথ্য জানিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন, জোটের রাজনৈতিক কর্মসূচি এবং সরকারের প্রতি জামায়াতের অবস্থান নিয়ে শরিকদের মধ্যে মতপার্থক্য বাড়ছে। বিশেষ করে স্থানীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে কয়েকটি শরিক দলের চাপ থাকলেও জামায়াত এককভাবে নির্বাচনের সিদ্ধান্তে অনড় রয়েছে।
এদিকে জোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও মতবিরোধ প্রকাশ পাচ্ছে। জামায়াত ও এনসিপির অপেক্ষাকৃত তরুণ নেতারা একে অপরের সমালোচনা করছেন। তবে জ্যেষ্ঠ নেতাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের এসব বক্তব্য জোটের রাজনৈতিক সম্পর্ক নির্ধারণ করে না।
গত সংসদ নির্বাচনের আগে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, জাপগা, বিডিপি ও খেলাফত আন্দোলন মিলে আটদলীয় সমঝোতা গড়ে তোলে। নির্বাচনের আগে গণভোট ও সংস্কারের দাবিতে শুরু হওয়া এই সমঝোতা পরে নির্বাচনী জোটে রূপ নেয়। এতে যুক্ত হয় এনসিপি, এবি পার্টি, এলডিপি ও লেবার পার্টি। তবে আসন সমঝোতা না হওয়ায় গত জানুয়ারিতে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যায়। পরে ১১ দলীয় ঐক্য নামে নির্বাচনে অংশ নেয় দলগুলো।
নির্বাচনের পর গণভোটের ফল বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে দলগুলো একসঙ্গে কর্মসূচি চালিয়ে যায়। তেল-গ্যাস সংকটসহ বিভিন্ন ইস্যুতেও তারা জোটবদ্ধ কর্মসূচি পালন করে। এ দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশও অনুষ্ঠিত হয়। তবে জোটের কর্মসূচিতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে গত জুলাইয়ে খেলাফত মজলিস জোট ছাড়ে।
গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর এবং ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ আয়োজন করে ১১ দল। প্রথম দুটি কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতারা অংশ নিলেও সর্বশেষ লংমার্চে তাদের অধিকাংশই উপস্থিত ছিলেন না। ওই কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অংশ নেন এবং সমাবেশে দেওয়া বক্তব্যে জামায়াতের সমালোচনা করেন।
এনসিপি জোট ছাড়ছে—এমন আলোচনা নাকচ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সমকালকে তিনি জানিয়েছেন, ১১ দলীয় ঐক্য বহাল রয়েছে এবং এনসিপিও এই জোটের অংশ। সংবিধান সংস্কারের দাবিতে জোটের আন্দোলনে দলটির অংশগ্রহণ আগে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে অন্যান্য বিষয়ে এনসিপি নিজস্ব কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আরও বলেন, সংসদেও জামায়াত ও এনসিপির জোট রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
এনসিপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার মতে, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ থাকার কারণে দলটি ক্রমেই জামায়াতনির্ভর রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিতি পাচ্ছে। জোটের কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি বেশি থাকলেও এনসিপির নেতারা মূলত বক্তব্য দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছেন। এতে দলের নিজস্ব রাজনৈতিক পরিসর তৈরি এবং কর্মীদের সক্রিয় রাখা কঠিন হচ্ছে।
এ পরিস্থিতি কাটাতে নিজস্ব কর্মসূচিতে জোর দিচ্ছে এনসিপি। লংমার্চের আগের দিন দুই মন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে শাহবাগে সমাবেশ করে দলটি। নির্বাচনের পর এটিই ছিল তাদের সবচেয়ে বড় কর্মসূচি। লংমার্চের পরদিন যুব সম্মেলন ও মিছিলের আয়োজনও করে তারা।
দলটির এক জ্যেষ্ঠ নেতার ভাষ্য, জামায়াত কিংবা অন্য কোনো দলের ওপর নির্ভর করে নয়, নিজস্ব আদর্শ ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে এনসিপিকে এগিয়ে নিতে কর্মীদের বার্তা দেওয়া হচ্ছে। আরেক নেতার মতে, বিএনপির প্রচার এবং জামায়াতের সঙ্গে সম্পর্কের কারণে এনসিপির রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই পৃথক কর্মসূচিতে সক্রিয় থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমের বিরোধকে গুরুত্ব দিতে চান না। তাঁর দাবি, জোট ভাঙছে না। লিয়াজোঁ কমিটির সর্বশেষ বৈঠকে ঐক্য আরও শক্তিশালী করার বিষয়ে সব দল একমত হয়েছে। পাশাপাশি শরিকদের নিজস্ব কর্মসূচিতে সক্রিয় হওয়ার বিষয়টিকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে সাড়ে চার হাজার ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা। তবে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের সময় এখনো নিশ্চিত নয়। এর মধ্যেই জামায়াত সমর্থিত প্রার্থীরা প্রচার শুরু করেছেন। এনসিপিও শতাধিক উপজেলা ও পৌরসভায় সমর্থিত প্রার্থীর নাম প্রকাশ করেছে। ছয়টি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নামও ঘোষণা করেছে দলটি।
জামায়াতের সঙ্গে স্থানীয় নির্বাচনে জোট গঠন নিয়ে একমত নয় এনসিপি। আখতার হোসেন জানিয়েছেন, এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েই প্রস্তুতি নিচ্ছে তাদের দল। অন্যদিকে হামিদুর রহমান আযাদের বক্তব্য, কেন্দ্রীয়ভাবে স্থানীয় নির্বাচনে জোট হবে না। তবে জেলা বা উপজেলা পর্যায়ে শরিকরা নিজেদের মধ্যে সমঝোতা করে একক প্রার্থী দিতে পারবেন।
জোটের সূত্র বলছে, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি ও এলডিপিসহ কয়েকটি দল স্থানীয় নির্বাচনে জোট চায়। তাদের মতে, নির্বাচনে সমঝোতা না হলে জামায়াতের সঙ্গে জোটে থাকার যৌক্তিকতা কমে যাবে। এদিকে হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার সাতটি দলের স্থানীয় নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ হওয়ার আলোচনাও চলছে।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখেও এনসিপি নিজস্ব রাজনৈতিক অবস্থান জোরদার করছে। দক্ষিণে মেয়র পদে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সমর্থন দিয়েছে দলটি। অন্যদিকে দক্ষিণে জামায়াত সমর্থন দিয়েছে আবু সাদিক কায়েমকে এবং উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন প্রচার চালাচ্ছেন। উত্তর সিটিতে আসিফ মাহমুদকে সমর্থন দেওয়ার বিষয়ে জামায়াতের সঙ্গে সমঝোতা না হওয়াও দূরত্বের একটি কারণ বলে জোট সূত্র জানিয়েছে।
এ ছাড়া দ্রব্যমূল্য, জ্বালানি সংকট, শ্রমিকদের মজুরি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে জামায়াত যথেষ্ট সরব নয় বলে অভিযোগ কয়েকটি শরিক দলের। সংসদে ও রাজপথে জামায়াতের অবস্থান নিয়ে তাদের অসন্তোষ রয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পরদিন বিএনপির প্রার্থীর সঙ্গে জামায়াত প্রার্থীর ফুল ও মিষ্টি বিনিময়ের ঘটনাও শরিকদের বিরক্তির কারণ হয়েছে।
তবে জামায়াতের এক জ্যেষ্ঠ নেতার বক্তব্য, সরকারবিরোধী আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় না দলটি। নিয়মতান্ত্রিক রাজনৈতিক পালাবদল বজায় রেখেই কর্মসূচি পরিচালনা করতে চায় তারা। এদিকে এনসিপি সোমবারের রাজনৈতিক পর্ষদের বৈঠকে নভেম্বর ও ডিসেম্বরে রাজপথের কর্মসূচি নিয়ে আলোচনা করেছে।
পাঠকের মন্তব্য