![]()
ইবি রিপোর্ট
কিউ-ক্যাশ নেটওয়ার্কের সেবা বন্ধ হয়ে ৩০টির বেশি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএসসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন কার্যক্রম ব্যাহত হওয়ার ঘটনায় পেমেন্ট সিস্টেম অপারেটর ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডকে (আইটিসিএল) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন আর্থিক জরিমানা আরোপ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই সিস্টেম স্থানান্তরের উদ্যোগ নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইন লঙ্ঘনের প্রাথমিক তথ্য পাওয়ার পর গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইটিসিএলকে নোটিশ পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “আইটিসিএলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ব্যাখ্যা দেওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন না নিয়ে আইটিসিএল তাদের সিস্টেম স্থানান্তরের (মাইগ্রেশন) উদ্যোগ নিয়েছিল। এ কারণে প্রচলিত আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট (পিএসএসডি) পরিদর্শনের মাধ্যমে বিষয়টি শনাক্ত করেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে আইটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী সাইফুদ্দিন মুনিরের সঙ্গে একাধিকবার ফোন ও খুদে বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
চলতি বছরের ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর পর্যন্ত কিউ-ক্যাশ নেটওয়ার্কের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ের আগেই ৬ অক্টোবর রাত ১০টায় সেবা পুনরায় চালু হয়। এর আগে টানা ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নেটওয়ার্কটির ওপর নির্ভরশীল ৩০টির বেশি ব্যাংকের বিভিন্ন সেবা ব্যাহত হয়।
এর ফলে গ্রাহকেরা ব্যাংক কার্ড, এটিএম, পিওএস, আন্তব্যাংক তহবিল স্থানান্তর, ই-কমার্স, বাংলা কিউআর এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) ক্যাশ-ইন ও ক্যাশ-আউট কার্যক্রম ব্যবহার করতে সমস্যায় পড়েন। বিশেষ করে নগদ অর্থ উত্তোলন ও জরুরি আর্থিক লেনদেন করতে গিয়ে ভোগান্তি পোহাতে হয় তাদের। বর্তমানে কিউ-ক্যাশ নেটওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পেমেন্ট সেবা সচল রয়েছে।
আইটিসিএলের কাছে বকেয়া অর্থ দাবি করেছিল কম্পাস প্লাস
আইটিসিএলের কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনায় ব্যবহৃত সফটওয়্যার সরবরাহ করে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কম্পাস প্লাস। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে সাপোর্ট সার্ভিস ফি পরিশোধ করেনি আইটিসিএল।
চলতি বছরের আগস্টে ই-মেইলের মাধ্যমে কম্পাস প্লাস জানায়, ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৩টি ইনভয়েসের বিপরীতে সাপোর্ট সার্ভিস ফি বাবদ আইটিসিএলের কাছে তাদের সাড়ে পাঁচ লাখ মার্কিন ডলার পাওনা রয়েছে। এই অর্থ পরিশোধ না করা হলে দুই প্রতিষ্ঠানের চুক্তির ৫.১ ধারা অনুযায়ী সাপোর্ট সার্ভিস বন্ধ করে দেওয়া হবে বলেও জানায় তারা।
এর আগে জুনে সফটওয়্যার লাইসেন্স ব্যবহারে অসংগতি এবং ডিস্ট্রিবিউটর চুক্তির বিভিন্ন শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছিল কম্পাস প্লাস। এসব বিষয়ে জবাব দেওয়া ও সমস্যা সমাধানের জন্য আইটিসিএলকে ৬০ দিন সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান হয়নি।
এমনকি সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানটি সাপোর্ট সার্ভিস বন্ধ করে দেওয়ার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে বিকল্প ব্যবস্থাও নেয়নি আইটিসিএল। পরবর্তী সময়ে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে কম্পাস প্লাস দূর থেকে সফটওয়্যারটির লাইসেন্স স্থগিত করে। এতে নেটওয়ার্কটির সঙ্গে যুক্ত ব্যাংকগুলোর পেমেন্ট কার্যক্রম ব্যাহত হয় বলে বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক ও আইটিসিএলের একজন কর্মকর্তা জানিয়েছেন।
বকেয়া পরিশোধ করলেও দায় এড়াতে পারবে না আইটিসিএল
সেবা বিঘ্নিত হওয়ার পর আইটিসিএলের প্রধান কার্যালয়ে বিশেষ পরিদর্শন চালায় বাংলাদেশ ব্যাংকের একটি দল। পরিদর্শনে উঠে আসে, সফটওয়্যার লাইসেন্স স্থগিত হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই নিজেদের সিস্টেম স্থানান্তরের উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক ও আইটিসিএলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা টিবিএসকে জানান, এ উদ্যোগের মাধ্যমে আইটিসিএল পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ৮(৪) ধারার বিধান লঙ্ঘন করেছে। একই আইনের ৩৭(৫) ধারা অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ।
আইটিসিএলের ওই কর্মকর্তা জানান, পরিদর্শনের পর বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় বিদেশি সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে ১ লাখ ৩৫ হাজার ডলার পরিশোধ করে আইটিসিএল। এর ফলে ৬ অক্টোবর রাতে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সেবা আবার চালু হয়। একই সঙ্গে বকেয়া অর্থের বাকি অংশ কিস্তিতে পরিশোধের প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি।
তিনি আরও জানান, ২৯ অক্টোবর কম্পাস প্লাসকে অতিরিক্ত ১ লাখ ১৮ হাজার ডলার দেওয়া হয়েছে। এ ছাড়া ১৫ নভেম্বরের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৪৫৪ ডলার এবং ৩০ ডিসেম্বরের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ডলার পরিশোধ করতে সম্মত হয়েছে আইটিসিএল।
তবে বকেয়া অর্থ পরিশোধের মাধ্যমে সফটওয়্যার-সংক্রান্ত বিরোধের সমাধান হলেও অনুমোদন ছাড়া সিস্টেম স্থানান্তরের উদ্যোগ নেওয়ার দায় থেকে আইটিসিএলকে অব্যাহতি দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, এ ধরনের স্থানান্তরের আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
পাঠকের মন্তব্য