![]()
ইবি বিনোদন ডেস্ক
বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতার ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের মধ্য দিয়ে তাঁর সামনে খুলেছে বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরার নতুন দরজা। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
গত শনিবার সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে বসে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর আসর। এই আয়োজনেই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চূড়ান্ত হন সামিরা খান মাহি। আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত মাহি। একই সঙ্গে দায়িত্ব ও প্রস্তুতি নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে তাঁর। প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ, জীবনে প্রথমবার এমন একটা সুযোগ পেয়েছি, যেখানে আমি আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরব। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষকে তুলে ধরতে চাই। অভিনয়শিল্পী হিসেবে দেশের মানুষ আমাকে অনেক সমর্থন করেছেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা হয়নি। এটা আমার প্রথম আন্তর্জাতিক যাত্রা। অনেক উচ্ছ্বসিত, একই সঙ্গে নার্ভাসও। খুব অল্প সময়ের মধ্যে এই ঘোষণা এসেছে। পাঁচ দিন আগে সিদ্ধান্ত হয়েছে, আমি যাচ্ছি। একটা দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা এত সহজ নয়, খুবই কঠিন।’
আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির জন্য সময় বেশি না পেলেও অভিজ্ঞ একজনকে পাশে পাচ্ছেন মাহি। মিস ইউনিভার্সের আগের আসরে অংশ নেওয়া তানজিয়া জামান মিথিলা তাঁকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। পোশাক নির্বাচন, স্টাইলিং ও সাজসজ্জাসহ প্রস্তুতির নানা দিক দেখভাল করছেন তিনি।
মিথিলাকে নিজের বড় বোন ও বন্ধুর মতো মনে করেন সামিরা। তাঁর ভাষায়, ‘একটা সুবিধা হচ্ছে, এর ঠিক আগের আসরে আমার খুব কাছের বড় বোন, বন্ধু মিথিলা আপু ছিলেন। তিনি পাঁচ দিন ধরে আমাকে সার্বক্ষণিকভাবে দেখভাল করছেন। আমার কস্টিউম, স্টাইলিং—সবকিছুতে সহযোগিতা করছেন। আমি খুবই ভাগ্যবান, তাঁর মতো একজন বড় বোন ও বন্ধুকে পাশে পেয়েছি। তিনি নিজেও মিস ইউনিভার্সে অংশ নিয়ে অনেক কৌশল শিখেছেন। আমার হয়তো আগে এই আয়োজনে যাওয়ার অভিজ্ঞতা হয়নি, কিন্তু আপুর কাছ থেকে যা শিখেছি, তা সারা জীবনের অভিজ্ঞতার মতো। মিথিলা আপু আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবেন।’
এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁদের পর আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেয়েছেন সামিরা খান মাহি। নতুন এই অভিজ্ঞতা নিয়ে তিনি যেমন উচ্ছ্বসিত, তেমনি বাংলাদেশের সংস্কৃতি ও মানুষকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যাশাও করছেন।
পাঠকের মন্তব্য