![]()
ইবি রিপোর্ট
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হবে আগামী রোববার (১ নভেম্বর)। এতে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ৬ লাখ টাকা। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার, তৃতীয় পুরস্কার ১ লাখ, চতুর্থ পুরস্কার ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকা।
বর্তমানে বাজারে শুধু ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ড চালু রয়েছে। সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়াতে সরকার এ প্রাইজবন্ড চালু করে। এর সুবিধা হলো, যেকোনো সময় প্রাইজবন্ড কেনা ও ভাঙানো যায়। নির্ধারিত ড্রতে বিজয়ী হলে বন্ডের বিপরীতে পুরস্কারের অর্থ পাওয়া যায়।
সব সিরিজের একই নম্বর পুরস্কারের জন্য বিবেচিত
প্রাইজবন্ডের ড্রতে ঘোষিত প্রতিটি বিজয়ী নম্বরের বিপরীতে সব সিরিজের একই নম্বরের বন্ড পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। ফলে বিজয়ী নম্বরের সঙ্গে বন্ডের নম্বর মিলে গেলে সংশ্লিষ্ট বন্ডধারী পুরস্কারের অর্থ পাওয়ার সুযোগ পান।
নিয়ম অনুযায়ী, ড্রয়ের তারিখের আগের ৬০ দিনের মধ্যে বিক্রি হওয়া প্রাইজবন্ডও ড্রয়ের আওতায় থাকবে। এ সময় গণনায় বন্ড বিক্রির দিন অন্তর্ভুক্ত করা হয়, তবে ড্রয়ের তারিখ গণনা করা হয় না।
পুরস্কারের অর্থ থেকে উৎসে কর ২৫ শতাংশ
আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হয়। ফলে বিজয়ীরা ঘোষিত পুরস্কারের পুরো অর্থ হাতে পাবেন না; কর কাটার পর অবশিষ্ট অর্থ পাবেন।
সাধারণত প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত তারিখে সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র আয়োজন করা হয়।