
ইবি রিপোর্ট
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে তিনি জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে যান। স্পিকারের সঙ্গে আলোচনা শেষে তিনি সরাসরি সংসদ ভবন থেকে বেরিয়ে যান।
বের হওয়ার সময় সাংবাদিকেরা ফেরদৌসী আহমেদ মিষ্টিকে তার পদত্যাগের বিষয়ে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’
এরপর সাংবাদিকেরা জানতে চান, তিনি পদত্যাগ করেছেন কি না। তবে এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে দ্রুত গাড়িতে উঠে সংসদ ভবন ত্যাগ করেন মিষ্টি।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘তদন্ত হোক।’
পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’
এদিকে স্পিকারের সঙ্গে বৈঠকের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর। ওই ঘটনায় তার পদত্যাগের বিষয়ে রাজনৈতিক ও গণমাধ্যমে আলোচনা শুরু হয়।
পাঠকের মন্তব্য