![]()
ইবি রিপোর্ট
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার তথ্য আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ নভেম্বর) মামলার আপিল বিভাগের শুনানির প্রথম দিন শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, নারায়ণগঞ্জের সাত খুন দেশের এমন একটি অপরাধ, যা সমাজের প্রতিটি মানুষকে নাড়া দিয়েছে। মামলার নথি ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের যে বিবরণ পাওয়া গেছে, তা ভয়াবহ। প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাঁদেরও তুলে নেওয়া হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয়। মরদেহগুলো পানিতে ভেসে না ওঠার জন্য পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
তিনি জানান, মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উল্লেখ রয়েছে। তারেক সাঈদের বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসানের অনুমতি ও নির্দেশনা ছাড়া র্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আসামিরা তাঁদের জবানবন্দিতে হত্যাকাণ্ডের পরিকল্পনা, বিভিন্ন পর্যায়ে প্রত্যেকের ভূমিকা এবং পুরো ঘটনা কীভাবে ঘটানো হয়েছিল, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন। এসব বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও সামঞ্জস্য রয়েছে।
আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেন। এ সময় হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশের পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রাসঙ্গিক বক্তব্য আদালতের নজরে আনা হয়।
জিয়াউল আহসানকে এ মামলায় আসামি করা হয়নি কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এ মামলার বিচার সম্পন্ন হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া আলাদা। এ মামলায় জিয়াউল আহসানকে আসামি না করার বিষয়টি পৃথক। তবে সাক্ষ্য ও আসামিদের জবানবন্দিতে তাঁর নাম এবং দায়িত্বের প্রসঙ্গ এসেছে। সে কারণে ইতিমধ্যে সম্পন্ন বিচারিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল, এমন দাবি করার সুযোগ নেই।
তিনি জানান, এ মামলায় হাইকোর্ট বিভাগ ১৫ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অন্য ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে আদালতে অবস্থান নিয়েছে।
দ্রুত বিচার পাওয়াকে প্রত্যেক নাগরিকের অধিকার উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের কাজের চাপ ও নানা বাস্তবতার কারণে অনেক সময় নির্ধারিত সময়ে বিচার শেষ করা যায় না। তবে আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য তাঁর কার্যালয় উদ্যোগ নিয়েছে।
সাত খুন মামলার আপিল শুনানি প্রসঙ্গে তিনি জানান, বুধবার দিনভর রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবারও শুনানি চলবে বলে আশা করা হচ্ছে। এ সময় মামলার তথ্য-প্রমাণ ও আসামিদের জবানবন্দির প্রাসঙ্গিক অংশ আদালতে তুলে ধরা হবে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, হত্যাকাণ্ডের সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলায় বিশেষ গুরুত্ব পেয়েছে। রাষ্ট্রপক্ষ তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে পড়ে শোনায়।
তিনি বলেন, এসব জবানবন্দিতে হত্যার পরিকল্পনা, অপহরণ, হত্যা এবং মরদেহ নদীতে ফেলে দেওয়ার বিবরণ রয়েছে। প্রথমে পাঁচজনকে আটক করা হয়েছিল। পরে তাঁদের দেখে ফেলায় আরও দুজনকে অপহরণ করা হয়। তারেক সাঈদের নির্দেশে সাতজনকে হত্যা করা হয় এবং মরদেহের পেটে ইট ঢুকিয়ে ও বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। এসব বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণের মিল রয়েছে।
জিয়াউল আহসানের ভূমিকা প্রসঙ্গে অনীক আর হক জানান, তারেক সাঈদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তৎকালীন র্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।
তারেক সাঈদের জবানবন্দি উদ্ধৃত করে তিনি বলেন, ২০১৩ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে র্যাব-১১-এর কমান্ডিং অফিসার হিসেবে যোগ দেন তারেক সাঈদ। র্যাবের কার্যক্রমের নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়ার অনুমতি প্রয়োজন হতো। কোনো ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার নিজের সিদ্ধান্তে তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারতেন না।
জবানবন্দিতে আরও বলা হয়, ২০১৪ সালের মার্চে র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত সিও সম্মেলনে কর্নেল জিয়াউল আহসান তারেক সাঈদকে সন্ত্রাসীদের একটি তালিকা দেন। ওই তালিকায় নারায়ণগঞ্জের নজরুল ইসলামের নাম ছিল। নামটির পাশে বিশেষ চিহ্ন দেওয়া ছিল। তাঁকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে পাঠানোর নির্দেশনাও ছিল। পরবর্তী সময়ে কোম্পানি কমান্ডারদের সম্মেলনে ওই তালিকার বিষয়টি জানিয়ে চিহ্নিত ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দেন তারেক সাঈদ।
পাঠকের মন্তব্য