
ইবি রিপোর্ট
শিশু-কিশোরদের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’ এবার হাজির হয়েছে নতুন রূপ ও ভিন্ন আঙ্গিকে। শিশুসাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের লেখা ‘ছোটকাকু’ সিরিজের ১৪টি বই নতুন মোড়কে প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘অন্যপ্রকাশ’। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইগুলোর নতুন মোড়ক উন্মোচন করা হয়।
নতুনভাবে প্রকাশিত ১৪টি বইয়ের মধ্যে ১০টি বইয়ে রয়েছে দুটি করে রহস্যকাহিনি। অর্থাৎ, এসব ১০টি বইয়ে পাঠকেরা পড়তে পারবেন মোট ২০টি রহস্যকাহিনি। ব্যতিক্রমী পরিকল্পনায় প্রতিটি বইয়ে রাখা হয়েছে দুটি করে প্রচ্ছদ, যা ‘ছোটকাকু’ সিরিজের নতুন প্রকাশনাকে ভিন্ন মাত্রা দিয়েছে।
এ ছাড়া নতুন প্রকাশনার অংশ হিসেবে সিরিজটিতে যুক্ত হয়েছে আরও চারটি অনুবাদ গ্রন্থ। সব কটি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
বইগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক ফরিদুর রেজা সাগরের সঙ্গে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা তারিক আনাম খান, লেখক আনিসুল হক, দেশ রূপান্তরের সম্পাদক মোস্তাফিজ শফি, আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ হামিদুল হক, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, মাত্রার ব্যবস্থাপনা অংশীদার সানাউল আরেফিন, চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খানসহ বিশিষ্ট লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান মহাব্যবস্থাপক রাজু আলীম।
এ সময় জানানো হয়, ‘ছোটকাকু’র ভক্ত ও পাঠকদের জন্য রাজধানীর তেজগাঁও লিংক রোডের ‘আলোকি’তে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব’ অনুষ্ঠিত হবে। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর (সোমবার ও মঙ্গলবার) এ উৎসবের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’ আয়োজিত এই উৎসবকে ঘিরে ‘ছোটকাকু’ সিরিজের পাঠক ও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় এই গোয়েন্দা চরিত্রের নতুন মোড়কে প্রকাশিত বইগুলোকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে উৎসবটি।
নতুন প্রচ্ছদ, এক বইয়ে দুই রহস্যকাহিনি এবং নতুন চারটি অনুবাদ গ্রন্থ—সব মিলিয়ে ‘ছোটকাকু’ সিরিজের নতুন প্রকাশনা শিশু-কিশোর পাঠকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে।
পাঠকের মন্তব্য