![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিওতে প্রবেশের আগে যথাযথ অনুমতি না নেওয়ার অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা। ফেসবুকের একটি বিশেষ ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের বিষয়টি সামনে আসার পর এ ব্যবস্থা নিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা।
ইতালির তথ্য সুরক্ষা সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক অ্যাপ ব্যবহারকারী ইতালীয় নাগরিকদের ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট মেটাডেটায় প্রবেশ করেছে মেটা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে নির্দিষ্ট সম্মতি নেওয়া হয়নি। পাশাপাশি তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়টি যথাযথভাবে জানানোও হয়নি।
তবে ইতালির এ সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয় মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জরিমানার বিরুদ্ধে আপিল করা হবে। মেটার এক মুখপাত্র বলেন, নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়ন এবং জরিমানার অযৌক্তিক পরিমাণের সঙ্গে তারা জোরালোভাবে দ্বিমত পোষণ করেন।
এর আগে গত অক্টোবরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের কর্তৃপক্ষও মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেয়। এক দশকের বেশি সময় ধরে ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের বিষয়ে অঙ্গরাজ্যের বাসিন্দাদের বিভ্রান্ত করার অভিযোগে ওই জরিমানা করা হয়েছিল। মেটার ইতিহাসে সেটি ছিল রেকর্ড পরিমাণ জরিমানা। তবে প্রতিষ্ঠানটি ওই সিদ্ধান্তের সমালোচনা করে একে মতপ্রকাশের স্বাধীনতার ওপর ‘কর’ হিসেবে আখ্যা দিয়েছিল।
ইতালির সাম্প্রতিক জরিমানাও দেশটিতে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপ করা বড় অঙ্কের জরিমানাগুলোর মধ্যে অন্যতম। এর আগে ২০২১ সালে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে অ্যামাজনকে ১ দশমিক ১ বিলিয়ন ইউরোর বেশি জরিমানা করেছিল ইতালি। পরে আপিলের মাধ্যমে সেই অর্থ কমিয়ে ৭৫২ মিলিয়ন ইউরো নির্ধারণ করা হয়।
মেটার বিরুদ্ধে এবারের ব্যবস্থা নেওয়ার পেছনে রয়েছে ফেসবুকের ‘গ্যালারি সাজেশনস’ নামের একটি ফিচার। ২০২৩ সাল থেকে চালু থাকা এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক ব্রাউজ করার সময় নিজেদের ফোনের গ্যালারিতে সংরক্ষিত ছবি ও ভিডিও পোস্ট করার পরামর্শ পান।
ইতালির নিয়ন্ত্রক সংস্থার ব্যাখ্যা অনুযায়ী, ফিচারটি চালু করতে ফেসবুক পুরো অ্যাপের জন্য প্রযোজ্য একটি সাধারণ অনুমতির মাধ্যমে ফোনের গ্যালারিতে প্রবেশের সুযোগ নিয়েছিল। এর আগে ব্যবহারকারীদের অন্য কিছু ফিচার চালু করার বিষয়ে সাধারণ নোটিশ দেওয়া হতো। ফলে ওই অনুমতির মাধ্যমে ফোনে সংরক্ষিত ছবি ও ভিডিও ব্যবহারের সুযোগও দেওয়া হচ্ছে, বিষয়টি অনেক ব্যবহারকারীর কাছে পরিষ্কার ছিল না।
এ পরিস্থিতিতে ইতালির কর্তৃপক্ষ মেটাকে ফিচারটির জন্য আলাদা ও সুনির্দিষ্ট সম্মতি নেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীদের জানাতে হবে, এ সুবিধার আওতায় তাদের ফোনের ছবির গ্যালারিতে প্রবেশ করা হবে এবং ফিচারটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এটি বন্ধ করার পদ্ধতি সম্পর্কেও পরিষ্কার নির্দেশনা দিতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানার অর্থ নির্ধারণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা এবং অনিয়ম কত দিন ধরে চলেছে, তা বিবেচনায় নেওয়া হয়েছে। ইতালিতে প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ ঘটনার আওতায় পড়েছেন।
এ ছাড়া যারা এখনো ফেসবুক অ্যাপ হালনাগাদ করেননি এবং যারা আগে থেকেই ওই ব্যবস্থায় সম্মতি দিয়েছেন, তাদের ক্ষেত্রেও অনিয়মের প্রভাব রয়ে গেছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। তদন্ত চলাকালে মেটার অসহযোগিতার বিষয়টিও জরিমানার পরিমাণ নির্ধারণে বিবেচনা করা হয়েছে।
মেটার ২০২৫ সালের বার্ষিক আয় ছিল ২০১ বিলিয়ন ডলার। একই বছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়ায় ৬০ দশমিক ৫ বিলিয়ন ডলারে। ইতালির আরোপ করা জরিমানার পরিমাণ প্রতিষ্ঠানটির বার্ষিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ।
পাঠকের মন্তব্য