
ইবি রিপোর্ট
ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বিশ্বজুড়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে ক্যামেরাবিহীন নতুন মডেলের স্মার্টগ্লাস উন্মোচনের পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। বার্ষিক ‘মেটা কানেক্ট’ সম্মেলনকে সামনে রেখে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনুমতি ছাড়া গোপনে ছবি ও ভিডিও ধারণের ঝুঁকি নিয়ে স্মার্টগ্লাসের ব্যবহার ঘিরে বিভিন্ন দেশে প্রাইভেসি বিতর্ক তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্মার্টগ্লাসের কৌশলে পরিবর্তন আনতে যাচ্ছে মেটা।
চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসিলর-লাক্সোটিকার (EssilorLuxottica) সঙ্গে যৌথভাবে তৈরি মেটার স্মার্টগ্লাস গত বছর বাজারে ব্যাপক সাড়া ফেলে। বিশ্বজুড়ে ৭০ লাখের বেশি ইউনিট বিক্রির মাধ্যমে চীনা প্রতিদ্বন্দ্বী রেনিয়ো ও শাওমিকে পেছনে ফেলে স্মার্টগ্লাসের বাজারে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করে মেটা।
তবে জনপ্রিয়তার পাশাপাশি এসব ডিভাইসের অপব্যবহারের ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ে। মানুষের অজান্তে বা অনুমতি ছাড়া ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী করার আশঙ্কায় যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি রেস্তোরাঁ, পাব ও থিয়েটারে স্মার্টগ্লাসের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেটার বিরুদ্ধে একটি ক্লাস-অ্যাকশন মামলাও হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, মেটার এআই প্রশিক্ষণের কাজে যুক্ত কর্মীরা স্মার্টগ্লাসে ধারণ করা ব্যবহারকারীদের সংবেদনশীল ও ব্যক্তিগত মুহূর্তের ভিডিও দেখতে পেরেছেন। তবে মেটা এই অভিযোগ অস্বীকার করেছে এবং আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিতর্ক এড়াতে মেটা ‘ক্লাবমাস্টার’ (Clubmaster) ও ‘বারব্যাঙ্ক’ (Burbank) নামে দুটি ক্লাসিক ফ্রেমে ক্যামেরাবিহীন স্মার্টগ্লাস আনার প্রস্তুতি নিচ্ছে। নতুন মডেলগুলোতে কোনো ক্যামেরা লেন্স থাকবে না। ফলে ব্যবহারকারীর অজান্তে ছবি বা ভিডিও ধারণের ঝুঁকিও থাকবে না।
তবে ক্যামেরা না থাকলেও এসব স্মার্টগ্লাসে উন্নত অডিও সুবিধা ও মেটা এআইয়ের ভয়েস অ্যাসিস্ট্যান্ট থাকবে। এর মাধ্যমে গান শোনা, ফোনে কথা বলা এবং এআইয়ের সঙ্গে সরাসরি কথা বলে বিভিন্ন নির্দেশনা দেওয়া যাবে। ক্যামেরা বাদ দেওয়ায় ডিভাইসটি তুলনামূলক পাতলা ও হালকা করার পাশাপাশি সাধারণ অপটিক্যাল ফ্রেমের মতো পরার উপযোগী করা সম্ভব হবে।
তবে বাজার বিশ্লেষকদের কেউ কেউ ক্যামেরা বাদ দেওয়ার প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, ছবি তোলা ও ভিডিও ধারণের সুবিধাই স্মার্টগ্লাসের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য। ফলে ক্যামেরা বাদ দিলে ডিভাইসটির চাহিদা কিছুটা কমতে পারে।
এ ছাড়া ক্যামেরা না থাকলেও অডিও ধারণের জন্য মাইক্রোফোন থাকবে। ফলে ক্যামেরাবিহীন স্মার্টগ্লাসে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে তৈরি উদ্বেগ পুরোপুরি দূর হবে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে।
স্মার্টফোনের বিকল্প হিসেবে পরিধানযোগ্য এআই ডিভাইসের বাজার যখন দ্রুত বিস্তৃত হচ্ছে, তখন ক্যামেরা বাদ দিয়ে ব্যবহারকারীদের আস্থা ও গোপনীয়তা রক্ষার চেষ্টা মেটার স্মার্টগ্লাস কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে।
পাঠকের মন্তব্য