
ইবি রিপোর্ট
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তিশালী হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, সিস্টেমটি ২৩ সেপ্টেম্বর রাতে গভীর নিম্নচাপ হিসেবেই উপকূল অতিক্রম করতে পারে।
বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপটনম ও ওড়িশার গোপালপুরের মধ্যবর্তী উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্রও উত্তাল থেকে খুব উত্তাল থাকতে পারে।
ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
ওড়িশার খুরদা, গঞ্জাম, গজপতি ও জগৎসিংপুর জেলায় আবহাওয়ার অবনতি মোকাবিলায় স্কুল ও শিশু কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনও পরিস্থিতির ওপর নজর রাখছে।
এদিকে, গভীর নিম্নচাপটি যদি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তাহলে বাংলাদেশ দেওয়া নামের তালিকা অনুযায়ী এর নাম হতে পারে ‘অর্ণব’। বিশ্ব আবহাওয়া সংস্থার উত্তর ভারত মহাসাগরীয় ঘূর্ণিঝড়ের নামের তালিকায় ‘Arnab’ নামটি বাংলাদেশের জন্য নির্ধারিত রয়েছে।
পাঠকের মন্তব্য