
ইবি রিপোর্ট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম (১৩) নিখোঁজ হয়েছে। ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম আর বাড়ি ফেরেনি বলে জানিয়েছেন তার মা।
অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার উচ্চতা প্রায় ৫ ফুট, ওজন ৪০ কেজি। গায়ের রং শ্যামলা এবং চুল কালো।
এ ঘটনায় অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি। তাকে খুঁজে পেতে পরিবারের পাশাপাশি পুলিশ ও সংশ্লিষ্টরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
অপ্রতিমের নিখোঁজের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সবার সহযোগিতা কামনা করেন তার মা ড. নাহিদা বেগম।
পোস্টে তিনি জানান, শুক্রবার বিকেল ৩টা থেকে তিনি তার ছেলেকে খুঁজে পাচ্ছেন না। অপ্রতিমের বয়স ১৩ বছর এবং সে সপ্তম শ্রেণিতে পড়ে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে একটি পাঞ্জাবি ছিল।
নাহিদা বেগম জানান, তার ছেলে আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল। এরপর আর বাড়ি ফিরে আসেনি। ছেলেকে খুঁজে পেতে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং বিষয়টি থানায় জানানো হয়েছে বলেও উল্লেখ করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে অপ্রতিমের হাতে আইফোন থাকা প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন অধ্যাপক নাহিদা বেগম।
তিনি জানান, ছেলেকে ইচ্ছা করে আইফোন দিয়ে বাইরে পাঠানো হয়নি। তার ভাষ্য অনুযায়ী, অপ্রতিম লুকিয়ে ফোনটি নিয়ে বের হয়েছিল।
তিনি আরও জানান, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, কর্মক্ষেত্রের শিক্ষার্থী ও সহকর্মীরা একযোগে অপ্রতিমকে খুঁজতে কাজ করছেন। সারারাত অভিযান চালানো হয়েছে এবং শনিবারও অনুসন্ধান অব্যাহত ছিল। অপ্রতিমের বন্ধুদের বাসায় বাসায় গিয়েও খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ ছাড়া মুন এলার্টকেও বিষয়টি জানানো হয়েছে বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন অধ্যাপক নাহিদা।
তিনি সবাইকে অপ্রতিমের জন্য দোয়া করার পাশাপাশি কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পরিবারকে জানানোর অনুরোধ জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের মোবাইল নম্বর ০১৭১৯-৬২৫৬৯০-এ যোগাযোগ করতে হবে।
পরিবারের পক্ষ থেকে দ্রুত অপ্রতিমকে খুঁজে পেতে প্রশাসনিক সহায়তা কামনা করা হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পরিবারকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য