
স্টাফ রিপোর্টার
রাজধানীতে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার জন্য নতুন একটি মার্কেটপ্লেস চালু হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ নামে এই আয়োজনের প্রথম আসর বসে গত ৪ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। উদ্বোধনী আয়োজনের পর এখন থেকে প্রতি শুক্রবার সেখানে বসবে এই কার বাজার।
আয়োজকদের ভাষ্য, ব্যস্ত নগরজীবনে যানবাহন কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার সময় এবং ঝামেলা কমানোই উদ্যোগটির মূল লক্ষ্য। একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার সুযোগ থাকায় ক্রেতারা নিজেদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী পছন্দের যানবাহন বেছে নিতে পারবেন।
‘সুপার সেল কার বাজারে’ নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি মোটরসাইকেল এবং ইউটিলিটি ভেহিকেল প্রদর্শন ও কেনাবেচার ব্যবস্থা থাকছে। শুধু ব্যক্তি মালিকানাধীন ব্যবহৃত যানবাহন নয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও ডিলারও এই আয়োজনে অংশ নিতে পারবেন।
উদ্যোক্তারা মনে করছেন, দেশে ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের চাহিদা বাড়ার সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের জন্য নিয়মিত একটি বাজারের প্রয়োজন তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এক ছাদের নিচে বিভিন্ন ধরনের যানবাহন দেখার পাশাপাশি সেগুলোর তথ্য জানা ও তুলনা করার সুযোগ তৈরি হবে বলে তারা মনে করছেন।
আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। একই সঙ্গে ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকছে।
‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। এর ভেন্যু পার্টনার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে এই আয়োজন চলবে। নিয়মিত এই আয়োজনের ফলে ক্রেতা ও বিক্রেতারা একই স্থানে যানবাহন দেখার এবং কেনাবেচার সুযোগ পাবেন।