![]()
ইবি রিপোর্ট
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি)। তবে ঘূর্ণিঝড়টির সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা আপাতত কম বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ ও শক্তি বৃদ্ধির বিষয়ে এ তথ্য জানায় বিডব্লিউওটি।
আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী, ঘূর্ণিঝড় অর্ণব বর্তমানে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আরও ঘনীভূত হচ্ছে। এভাবে অগ্রসর হতে থাকলে আজ মধ্যরাত নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী ২৮ অক্টোবর নাগাদ এটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় অর্ণবের শক্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার হতে পারে। ঘূর্ণিঝড়টির শক্তি বৃদ্ধি ও সম্ভাব্য গতিপথের ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে সরাসরি আঘাত হানার পর উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। বিশেষ করে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বিডব্লিউওটি।
বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় অর্ণবের সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম থাকলেও এর গতিপথ ও শক্তির পরিবর্তনের দিকে নজর রাখা হচ্ছে। ঝড়টি শেষ পর্যন্ত কোন পথে অগ্রসর হবে এবং এর প্রভাবে বাংলাদেশের আবহাওয়ায় কী ধরনের পরিবর্তন ঘটবে, তা পরবর্তী পূর্বাভাসে আরও পরিষ্কার হতে পারে।
পাঠকের মন্তব্য