![]()
ইবি রিপোর্ট
সরকার অনুমতি দিলে প্রয়োজনের ক্ষেত্রে ক্রসফায়ার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্রসফায়ার প্রসঙ্গে আইজিপি বলেন, “যেখানে ক্রস যদি প্রয়োজন হয় সরকার যদি এলাও করে আমরা সেটাই করব।”
পুলিশের দায়িত্ব পালন ও বলপ্রয়োগ নিয়ে সমালোচনার বিষয়েও বক্তব্য দেন আলী হোসেন ফকির। তিনি বলেন, “পুলিশ লাঠিপেটা করলে বলা হয় পুলিশ ফ্যাসিস্ট, আবার পুলিশ নীরব থাকলে বলা হয়, দুর্বল পুলিশ। এ অবস্থায় পুলিশকে কাজ করার পরিবেশ দিতে হবে এবং দায়িত্ব পালনে সক্ষম করতে হবে।”
আইজিপি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুসরণ করা প্রয়োজন। অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পুলিশের দায়িত্ব। একই সঙ্গে পুলিশ বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত হলে তাঁর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করা জরুরি। পাশাপাশি গুজব ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে কোনো ঘটনার প্রকৃত তথ্য যাচাই করা উচিত।
দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক অগ্রগতির বিষয়েও মন্তব্য করেন পুলিশপ্রধান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আইজিপি পুলিশের দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা, অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আইন মেনে চলার ওপর জোর দেন। একই সঙ্গে বাহিনীর সদস্যদের অপরাধের ক্ষেত্রেও জবাবদিহি নিশ্চিত করার কথা বলেন তিনি।
পাঠকের মন্তব্য