
ই-বাংলাদেশ ডেস্ক
সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে অনিশ্চয়তা থাকলেও অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুই দলের এই দ্বিপাক্ষিক সিরিজে একটি টেস্ট ও তিনটি সাদা বলের ম্যাচ খেলার কথা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট ও তিনটি সাদা বলের ম্যাচ রয়েছে। সিরিজের আয়োজক আফগানিস্তান হওয়ায় সীমিত ওভারের ম্যাচগুলোর সূচি ও অন্যান্য বিষয় তারা চূড়ান্ত করবে।
বাংলাদেশের জন্য সিরিজটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টসহ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে।
বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে। ফলে সামনের ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে ভালো ফল করে অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য থাকবে বাংলাদেশের।
অন্যদিকে, অক্টোবরে আফগানিস্তান সিরিজের আগে সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঘরের মাঠে সিরিজ আয়োজনের কথা থাকলেও সেটির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। দুই দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে সিরিজটি আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ভারত সিরিজ শেষ পর্যন্ত স্থগিত হলে ভবিষ্যতে নতুন সূচিতে তা আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বাংলাদেশের জন্য নিশ্চিত সূচি হলো আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরের সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে এই সিরিজ বাংলাদেশ দলকে ম্যাচ অনুশীলন ও প্রস্তুতির সুযোগ করে দেবে।
পাঠকের মন্তব্য