![]()
ই-বাংলাদেশ ডেস্ক
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, হারানো এনআইডি পুনরায় উত্তোলন এবং নির্বাচন কমিশনের (ইসি) মাঠপর্যায়ের বিভিন্ন সেবার জন্য নতুন ফি কাঠামো নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত একটি জরুরি চিঠিতে নতুন ফি তালিকা প্রকাশ করেছেন ইসির উপসচিব মো. শাহ আলম।
নতুন নির্দেশনা অনুযায়ী, এনআইডির দৃশ্যমান তথ্য—যেমন নাম, ছবি বা অন্যান্য দৃশ্যমান তথ্য প্রথমবার সংশোধনের জন্য ভ্যাটসহ ২৩০ টাকা ফি দিতে হবে। একই তথ্য দ্বিতীয়বার সংশোধনের ক্ষেত্রে ফি হবে ৩৪৫ টাকা এবং তৃতীয়বার ও পরবর্তী প্রতিটি আবেদনের জন্য ৪৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে এনআইডির অভ্যন্তরীণ তথ্য-উপাত্ত সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদন করতে ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার ২৩০ টাকা এবং তৃতীয়বার ও পরবর্তী প্রতিটি আবেদনের জন্য ৩৪৫ টাকা ফি দিতে হবে।
হারানো এনআইডি পুনরায় তুলতে নতুন ফি
হারানো জাতীয় পরিচয়পত্র পুনরায় উত্তোলনের ক্ষেত্রেও সাধারণ ও জরুরি—দুই ধরনের আবেদন ফি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
সাধারণ আবেদনের ক্ষেত্রে:
- প্রথমবার: ১০০ টাকা
- দ্বিতীয়বার: ৩০০ টাকা
- তৃতীয়বার ও পরবর্তী প্রতিবার: ৫০০ টাকা
জরুরি আবেদনের ক্ষেত্রে:
- প্রথমবার: ৩০০ টাকা
- দ্বিতীয়বার: ৫০০ টাকা
- তৃতীয়বার ও পরবর্তী প্রতিবার: ১,০০০ টাকা
এসব ফি’র সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।
রাজনৈতিক দল ও ভোটার সেবার নতুন ফি
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। এছাড়া নির্বাচনী দলিল-দস্তাবেজ পরিদর্শন ও কপি সংগ্রহের জন্য ১০০ টাকা, ভোটার তালিকার সার্টিফায়েড কপি সংগ্রহে ১০০ টাকা এবং শুধু ভোটার তালিকা পরিদর্শনের জন্য ৫০ টাকা ফি দিতে হবে।
ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে চাইলে প্রতিটি ইউনিয়ন, সিটি করপোরেশন অথবা পৌর ওয়ার্ডের জন্য ৫০০ টাকা করে পরিশোধ করতে হবে।
এনআইডি তথ্য যাচাইয়ের নতুন চার্জ
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এনআইডি তথ্য যাচাই ও সরবরাহ সেবার ক্ষেত্রেও নতুন ফি নির্ধারণ করা হয়েছে।
সরকারি সংস্থা ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য:
- এককালীন নিবন্ধন ফি: ৫ লাখ টাকা
- বার্ষিক নবায়ন বা সাব-ইউজার ফি: ১ লাখ টাকা
- প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য: ২ টাকা
অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য:
- এককালীন নিবন্ধন ফি: ৫ লাখ টাকা
- প্রথম ৭০টি সাব-ইউজারের জন্য প্রতিটি: ৪ হাজার টাকা
- পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য: ২ হাজার টাকা
- প্রতিবার এনআইডি তথ্য যাচাইয়ের জন্য: ৫ টাকা
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ফি কাঠামোর মাধ্যমে এনআইডি ও ভোটার-সংশ্লিষ্ট সেবাগুলো আরও সুশৃঙ্খল, স্বচ্ছ এবং কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
পাঠকের মন্তব্য