![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)ভুক্ত দেশগুলোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং বেসামরিক বিমান চলাচল খাতের সহযোগিতা সম্প্রসারণে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়ে সরকারের আগ্রহের কথা তুলে ধরা হয়।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল এবং বহুমাত্রিকভাবে সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বেসামরিক বিমান চলাচল খাতের আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিশেষভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সরকারের পক্ষ থেকে দেশীয় স্বার্থ সংরক্ষণ করে একটি টেকসই মিক্সড ফ্লিট গড়ে তোলার লক্ষ্যে এয়ারবাস উড়োজাহাজ কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
জবাবে ইউরোপীয় প্রতিনিধিরা বাংলাদেশকে প্রয়োজনীয় কারিগরি ও সহযোগিতামূলক সহায়তা দেওয়ার আশ্বাস দেন। তারা বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কার্স্টেন এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের ডেপুটি চিফ বাইবা জেরিন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কূটনৈতিক বৈঠক বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং বিমান পরিবহন খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে। একই সঙ্গে জাতীয় বিমান সংস্থার বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
পাঠকের মন্তব্য