![]()
ইবি রিপোর্ট
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারকে কেন্দ্র করে পুরো জুয়েলারি খাতকে নেতিবাচকভাবে উপস্থাপন না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বাজুস বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে দেশের পুরো জুয়েলারি খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করা সমীচীন নয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের বিষয়টি বাজুসের নজরে এসেছে। সংগঠনটি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেয় এবং কোনো ধরনের অসংগতি বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় পুরো খাতের ওপর চাপানো উচিত নয় বলে মনে করে বাজুস।
সংগঠনটির দাবি, দেশের অর্থনীতি, রাজস্ব আয় ও কর্মসংস্থানে জুয়েলারি খাতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এ খাতের সঙ্গে প্রায় ৪০ হাজার ব্যবসায়ী এবং ২৮ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। ফলে এ খাতের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হলে এর প্রভাব ব্যবসায়ী ও কর্মীদের জীবিকায় পড়তে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর স্বর্ণ নীতিমালা ২০১৮ (সংশোধিত ২০২১) সংস্কারসহ জুয়েলারি খাতকে সুশৃঙ্খল ও আধুনিক করার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব বিষয়ে গত আট মাস ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাজুস।
জুয়েলারি খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে বৈধ ব্যবসা সংকুচিত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এতে খাতটিতে কর্মরত বহু মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়তে পারে। এ ছাড়া দেশীয় বাজারের একটি অংশ বিদেশমুখী হলে বৈধ পথে অর্থ দেশের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডায়মন্ড ওয়ার্ল্ডকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বাজুস বলেছে, এর সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান জড়িত। কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে প্রতিষ্ঠানটির নিরপরাধ কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও নজর দেওয়া প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে আইনের শাসন, ন্যায়বিচার, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে দেশের জুয়েলারি খাতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে বাজুস।