![]()
ই-বাংলাদেশ ডেস্ক
এইচএসসি ও সমমানের পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই শিক্ষা ভবনের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। তবে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনের সড়ক ছেড়ে চলে যান। তাদের সরে যাওয়ার পর সচিবালয় ও শিক্ষা ভবনসংলগ্ন এলাকায় যান চলাচল আবারও স্বাভাবিক হয়ে আসে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছান। সেখানে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে তারা অবস্থান নেন এবং বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সম্ভাব্য আলোচনার বিষয়টি নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। একই সঙ্গে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিও এ সময় শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেননি।
পরে কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা জানান, তাদের দাবি এখনো বহাল রয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নেওয়ার ঘোষণাও দেন।
এর আগে একই দাবিতে রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুর-১০ এবং ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে সায়েন্সল্যাব থেকে মিছিল নিয়ে তারা সচিবালয়ের উদ্দেশে ‘লং মার্চ’ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ নিশ্চিত করা এবং প্রশ্নপত্র-সংক্রান্ত জটিলতার যথাযথ সমাধান করা।
আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। ওইদিন রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনের কারণে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পাঠকের মন্তব্য