![]()
ই-বাংলাদেশ ডেস্ক
দীর্ঘ সাত মাসের নানা জটিলতা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়গান’। তবে ছাড়পত্র পেতে গিয়ে ছবিটির একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য ও সংলাপে পরিবর্তন আনতে হয়েছে। ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড (সিবিএফসি) ছবিটির বিভিন্ন অংশে কাটছাঁট ও সংশোধনের নির্দেশ দেওয়ার পরই এটি আনুষ্ঠানিকভাবে মুক্তির অনুমতি পায়।
সেন্সর বোর্ডের নির্দেশনায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ড. বি. আর. আম্বেদকরের ছবি সংবলিত একটি বইয়ের প্রচ্ছদ দেখানো দৃশ্য। বোর্ড দৃশ্যটির উপস্থাপনায় পরিবর্তনের নির্দেশ দিলেও এর দৈর্ঘ্যে কোনো পরিবর্তন করা হয়নি।
এ ছাড়া ছবিতে থাকা ‘আম্বেদকর সত্তম… টিভিকে সত্তম’ সংলাপটি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগম (TVK)–এর নাম যেখানে যেখানে ব্যবহার করা হয়েছে, সেসব অংশও মিউট অথবা পরিবর্তন করা হয়েছে।
সিবিএফসির নির্দেশ অনুযায়ী আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ভারতের জাতীয় পতাকা মাটিতে পড়ে থাকার দৃশ্য সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘ভাগবতম’, ‘রঙ্গনাথার’ এবং ‘ওম’ শব্দের ব্যবহারও সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া ‘অপারেশন মেলুহা’ প্রসঙ্গে ব্যবহৃত ‘নিউ ইন্ডিয়া’ শব্দটিও বাদ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত একটি সংলাপ, সরকারি কর্মকর্তার ব্যাজ পড়ে যাওয়ার একটি দৃশ্য, এক নারী চরিত্রকে উদ্দেশ করে বলা একটি সংলাপ এবং ‘সিলুভালিয়া’ শব্দটি মিউট করা হয়েছে। ‘শীলা রানি’ নামের পরিবর্তে অন্য নাম ব্যবহার করা হয়েছে। শিশুদের আগুনে পুড়ে যাওয়ার দুটি দৃশ্যও পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে সিনেমাটি থেকে প্রায় ২০ সেকেন্ডের ফুটেজ অপসারণ করা হয়েছে। এসব পরিবর্তনের পর গত ৯ জুলাই ছবিটিকে ‘এ’ (Adults Only) সনদ প্রদান করে সিবিএফসি।
সেন্সর সনদ অনুযায়ী ‘জন নায়গান’ সিনেমার মোট দৈর্ঘ্য ১৮৩ মিনিট ২১ সেকেন্ড, অর্থাৎ ৩ ঘণ্টা ৩ মিনিট ২১ সেকেন্ড।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, এই সিনেমাটি থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ ছবি হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ এর আগেই তিনি ঘোষণা দিয়েছেন, অভিনয় থেকে বিদায় নিয়ে তিনি পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হবেন। ফলে ‘জন নায়গান’ শুধু একটি সিনেমা নয়, বরং বিজয়ের অভিনয় ক্যারিয়ারের শেষ অধ্যায়ের স্মারক হিসেবেও বিবেচিত হচ্ছে।
সেন্সরের বিভিন্ন শর্ত পূরণ করে এখন মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি বক্স অফিসে কেমন সাড়া ফেলবে, সেটিই এখন ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।
পাঠকের মন্তব্য