ই-বাংলাদেশ ডেস্ক
ঢাকা মেডিক্যাল কলেজের (ডিএমসি) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানে চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বাস্থ্য খাত নিয়ে এক প্রশ্নের জবাবে দেওয়া তার রসিক মন্তব্যে পুরো অডিটোরিয়ামে হাসির রোল পড়ে যায়।
শনিবার (১১ জুলাই) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী অংশ নেন। সভায় চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন।
আলোচনার একপর্যায়ে একজন অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর উদ্দেশে জানতে চান, ‘আমরা জানতে চাই, স্বাস্থ্য খাত নিয়ে আপনার ভাবনা কী?’
প্রশ্নের জবাবে পাশে বসে থাকা তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী হাস্যরসের ছলে বলেন, ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে উপস্থিত চিকিৎসক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে হাসির রোল পড়ে যায় এবং অডিটোরিয়ামের পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
এরপর প্রশ্নকারী আবার বলেন, ‘উনি যেহেতু আপনার পাশে আছেন, তিনি যদি এ বিষয়ে উদ্যোগ নেন, তাহলে আমরা সত্যিই আরও গর্বিত হব।’ প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত রসিকতা অনুষ্ঠানজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে।
এর আগে সকালে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে পৌঁছে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক হিসেবে পায়রা ও বেলুন উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা।
মতবিনিময় সভায় দেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন, চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসা শিক্ষা এবং ভবিষ্যৎ স্বাস্থ্যনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়।
পাঠকের মন্তব্য