![]()
ইবি রিপোর্ট
দেশের ব্যবসায়ী সমাজ, তাঁদের পরিবারের সদস্য এবং এফবিসিসিআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে স্বাস্থ্যসেবা খাতের প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এ চুক্তির ফলে সংগঠনটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ল্যাবএইডের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ মূল্যছাড়ে চিকিৎসাসেবা নিতে পারবেন।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং ল্যাবএইড গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম।
চুক্তি অনুযায়ী, এফবিসিসিআইয়ের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা ল্যাবএইডের নির্ধারিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষায়িত চিকিৎসা এবং করপোরেট স্বাস্থ্যসেবায় ছাড় পাবেন।
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ল্যাবএইডের প্রতিষ্ঠানগুলোতে এ সুবিধা কার্যকর হবে। এর আওতায় রয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রাম।
বিশেষ ছাড়ের আওতায় থাকবে আউটডোর ডায়াগনস্টিকস, উন্নত মেডিকেল ইমেজিং এবং ইনডোর বেড চার্জ। ফলে চুক্তির আওতাভুক্ত ব্যক্তিরা এসব সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত মূল্যছাড়ের সুবিধা পাবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মো. আলমগীর এবং সিনিয়র অতিরিক্ত মহাসচিব শাহ মো. আব্দুল খালেক।
ল্যাবএইডের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. সম্বিত কুমার দাস, চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ এবং এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ কাউসার জাহান।
অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাঁদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এফবিসিসিআইয়ের সঙ্গে অংশীদারত্বকে সেই লক্ষ্য অর্জনের পথে একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে এফবিসিসিআই ও ল্যাবএইড—উভয় পক্ষের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দেশের ব্যবসায়ী সমাজের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে।
তাঁদের মতে, চুক্তির আওতায় নির্ধারিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়ের সুবিধা এফবিসিসিআইয়ের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের চিকিৎসা ব্যয় কমাতে সহায়ক হবে। এর মধ্য দিয়ে ব্যবসায়ী সমাজের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা দুই প্রতিষ্ঠানের।
পাঠকের মন্তব্য