![]()
ই-বাংলাদেশ ডেস্ক
চলতি ২০২৬-২৭ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এনবিআরের কর্মকর্তারা লক্ষ্য অর্জনে পুরোপুরি প্রস্তুত রয়েছেন এবং সরকারের নির্ধারিত রাজস্ব সংগ্রহের লক্ষ্য পূরণ হবে বলে তিনি বিশ্বাস করেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বৈঠকে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, “রাজস্ব আদায় ভালো হবে। এনবিআরের সবাই প্রস্তুত। আমরা যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, তা পূরণ হবে।”
চলতি অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে, যা সদ্য সমাপ্ত অর্থবছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি।
তবে বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির আশঙ্কার কথা জানিয়েছে এনবিআর। সংস্থাটির প্রাথমিক হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে মোট রাজস্ব আদায় প্রায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা হতে পারে। সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা, ফলে উল্লেখযোগ্য পরিমাণ ঘাটতি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের ২০ জুন পর্যন্ত শুল্ক ও কর বাবদ আদায় হয়েছিল ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা। জুনের শেষ ভাগে অতিরিক্ত রাজস্ব আদায়ের মাধ্যমে মোট আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত হিসাব এখনও প্রকাশ করা হয়নি।
একই দিনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর নেতারাও শিল্প খাতের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বিটিএমএর সঙ্গে আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সরকারের নিয়মিত সংলাপ চলছে। কোথায় কী সমস্যা রয়েছে এবং কীভাবে দ্রুত সমাধান দেওয়া যায়, তা নিয়েই আলোচনা হচ্ছে।
তিনি জানান, বিটিএমএর পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি দাবি বৈঠকেই নিষ্পত্তি হয়েছে। অন্য বিষয়গুলো সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে।
ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে ডিরেগুলেশন (নিয়ন্ত্রণ শিথিলকরণ) কার্যক্রম শুরু করেছে। এখনও যেসব সমস্যা রয়েছে, সেগুলোও ধারাবাহিক আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।
পাঠকের মন্তব্য