৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন ৫ হাজার সশস্ত্র আনসার সদস্য
ই-বাংলাদেশ ডেস্ক
দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) এ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে অঙ্গীভূত আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ।
তিনি বলেন, সরকারের জাতীয় নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে থাকবেন একজন প্লাটুন কমান্ডার, একজন সহকারী প্লাটুন কমান্ডার এবং আটজন আনসার সদস্য। তারা ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা, শৃঙ্খলা এবং জনগণের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে কাজ করবেন।
ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র, অবৈধ অ্যাম্বুল্যান্স বাণিজ্য, ঔষধ চক্র এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও আনসার সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সরকারি বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আনসার সদস্যরা দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি অর্জন করেছেন। নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রেও সেই সুনাম ধরে রাখতে হবে।
তিনি সতর্ক করে বলেন, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে বাহিনীর অর্জিত সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো সংবেদনশীল কর্মস্থলে কোনো সদস্য অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে তিনি জানান, আনসার বাহিনীর নিয়োগ ও মোতায়েন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমানে আধুনিক সফটওয়্যারভিত্তিক যাচাই-বাছাই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এর মাধ্যমে যোগ্য সদস্য নির্বাচন এবং বাহিনীর পেশাদারিত্ব আরও সুসংহত করা সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, পরিচালক (অঙ্গীভূতকরণ) মো. আব্দুল মজিদ, ঢাকা জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য