আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে কেপ ভার্দে, ১-০ জয়ের ভবিষ্যদ্বাণী প্রেসিডেন্টের
ই-বাংলাদেশ ডেস্ক
ফিফা বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। টুর্নামেন্টের নকআউট পর্বে ওঠা সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতোমধ্যেই নজর কেড়েছে আফ্রিকার এই দেশটি। এবার শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বড় চমকের আশায় রয়েছে তারা।
কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস বিশ্বাস করেন, তার দল আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের অন্যতম বড় অঘটন ঘটাতে পারে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমরা জয়ের লক্ষ্য নিয়েই খেলছি। প্রত্যাশা কম থাকলেও জয়ের প্রবল ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব।’
তিনি আরও বলেন, ছোট দেশ হিসেবে কেপ ভার্দেকে সব সময় নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হয় এবং বড় দলগুলোকে চমকে দেওয়ার মানসিকতা নিয়েই তারা মাঠে নামে।
বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই কেপ ভার্দে ‘এইচ’ গ্রুপে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গে ড্র করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার তুলনায় ৬৩ ধাপ পিছিয়ে থাকলেও দলটির আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই বলে জানান প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের শতভাগ বিশ্বাস ও আত্মবিশ্বাস রয়েছে। প্রতিটি বলের জন্য তারা লড়বে। আমরা এখানে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে।’
কেপ ভার্দের প্রধান কোচ পেদ্রো ‘বুবিস্তা’ লেইতাঁও ব্রিতোও আন্ডারডগের তকমা মেনে নিয়ে বলেছেন, ‘অসম্ভব বলে কিছু নেই।’
একই সুরে মিডফিল্ডার ডেরয় দুয়ার্তে বলেন, দলটি বিশ্বাস করে তারা বিশ্বকাপে বড় ধরনের চমক দেখাতে সক্ষম।
তবে প্রেসিডেন্ট নেভেসের মতে, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ফল যাই হোক না কেন, কেপ ভার্দে ইতোমধ্যেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি অর্জন করেছে।
তার ভাষায়, ‘যাই ঘটুক না কেন, আমরা মাথা উঁচু করেই বিশ্বকাপ থেকে বিদায় নেব। আমাদের মিশন ইতোমধ্যেই সফল।’