ঢাকায় ব্যক্তিগত গাড়িতে ‘কনজেশন চার্জ’ বসানোর প্রস্তাব, কিলোমিটারে ৬.২৭ টাকা
ই-বাংলাদেশ ডেস্ক
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট কমাতে ব্যক্তিগত যানবাহনের ওপর ‘কনজেশন চার্জ’ বা যানজট শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে সরকার।
২০২৫-২০৪৫ মেয়াদের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (ইউআরএসটিপি)-এর খসড়ায় কিলোমিটারপ্রতি ৬ দশমিক ২৭ টাকা হারে এই শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।
তবে পরিকল্পনায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্ভরযোগ্য, নিরাপদ ও সহজলভ্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার পরই এ শুল্ক কার্যকর করা উচিত।
যেসব যানবাহনে প্রযোজ্য হবে
প্রস্তাব অনুযায়ী, রাজধানীর সব সড়কে নয়; বরং যেসব করিডোরে মেট্রোরেল, বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) এবং উন্নত বাসসেবা চালু থাকবে, সেসব সড়কে চলাচলকারী প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ক্ষেত্রে এই যানজট শুল্ক প্রযোজ্য হবে।
যেভাবে আদায় হবে শুল্ক
পরিকল্পনায় বলা হয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শুল্ক আদায় করা হবে।
এ জন্য নির্ধারিত সড়কে আরএফআইডি রিডার স্থাপন করা হবে। যানবাহন ওই সড়ক ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত চার্জ কেটে নেওয়া হবে।
এই কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্বে থাকবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
কেন এই উদ্যোগ
বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, ২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার। ২০২২ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে। অর্থাৎ দেড় দশকে গড় গতি প্রায় ১৬ কিলোমিটার কমেছে।
বিশ্বব্যাংকের আরেক গবেষণা অনুযায়ী, রাজধানীর যানজটের কারণে প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এছাড়া ঢাকার ৭৩টি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়মিত যানজটের কারণে নগরবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যানজটের কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হচ্ছে এবং এর দৈনিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৯৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে।
পাঠকের মন্তব্য