ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনের নতুন ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ই-বাংলাদেশ ডেস্ক
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনের ফি ও মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (পিএসডি-২) মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিম ব্যবহার করে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (POS) ও বাংলা কিউআর (Bangla QR) কোডভিত্তিক লেনদেনের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগের সার্কুলারের সব ধরনের ফি, চার্জ ও অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। তবে এনপিএসবির আওতায় কেবল বাংলা কিউআর কোড ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) থেকে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) এমডিআর আদায় করতে পারবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও উৎসাহিত করতে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানগুলো প্রয়োজন অনুযায়ী প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে।
পাঠকের মন্তব্য