![]()
ই-বাংলাদেশ ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
তিনি জানান, ‘তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’—এমন শিরোনামে প্রচারিত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ ধরনের কোনো ঘটনার তথ্যও নেই।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
এ এইচ এম শাহাদাত হোসাইন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা শেয়ার না করতে। তিনি জানান, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ও গুজব ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যে তৎপর রয়েছে।
পুলিশ সদর দপ্তর জনগণকে যেকোনো তথ্য বিশ্বাস করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে।