![]()
ই-বাংলাদেশ ডেস্ক
মাদারীপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দুই দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে চক্ষু, গাইনি ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করছেন।
শনিবার (২৭ জুন) সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পাট ব্যবসায়ী ও প্লানেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান মোল্লা।
জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আবু বকর সিদ্দিকের সহধর্মিণী রুবিনা সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবীর, চরমগুরিয়া মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মেজবাহ উদ্দিন নাহিদ, পাট ব্যবসায়ী রোজিনা সিদ্দিকী সোমা, আতাউর রহমান রুবেল মুন্সী, বিপ্লব মুন্সী এবং রোমান হাওলাদার।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শও দেওয়া হচ্ছে।
ক্যাম্পের প্রথম দিনেই ৫ শতাধিক মানুষ চক্ষু, গাইনি ও মেডিসিন বিভাগের চিকিৎসা সেবা গ্রহণ করেন। আয়োজকদের আশা, দুই দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে আরও বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।
স্থানীয় বাসিন্দারা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
পাঠকের মন্তব্য