![]()
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকার কাজ করছে। আজ সকালে রাজধানীর পূর্বাচলে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, যার সদস্যরা যেকোনো দুর্যোগ-দুর্ঘটনা ও সংকটময় পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জানমাল রক্ষায় কাজ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের কাছে ফায়ার সার্ভিস এখন নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগে বাহিনীর পেশাদারিত্ব, সাহস ও আত্মত্যাগ জাতির আস্থা অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে দেশে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, বন্যা, ভূমিধস ও ভবনধসের মতো দুর্যোগ বাড়ছে। ভূমিকম্পের ঝুঁকিও রয়েছে। এ বাস্তবতায় ফায়ার সার্ভিসের আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি জানান, বর্তমানে সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। তাই ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও এগিয়ে চলছে।
মন্ত্রী আরও জানান, ডুবুরি দলের সক্ষমতা বাড়াতে ৭২টি নতুন পদ অনুমোদন করা হয়েছে এবং ভবিষ্যতে ফায়ার সার্ভিসের সদস্যসংখ্যা ৩০ হাজারের বেশি করার পরিকল্পনা বিবেচনায় রয়েছে। প্রশিক্ষণের মান উন্নয়নে মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চলতি বছরের ১ মে থেকে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম চালু করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদস্যদের আবাসন সমস্যার সমাধানে মিরপুর ও সদরঘাটে বহুতল আবাসিক ভবন নির্মাণ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে ‘ফায়ার অ্যান্ড রেসকিউ ভাতা’ এবং ফ্রেশ মানির দাবিগুলো সরকার পর্যালোচনা করবে বলে আশ্বাস দেন তিনি। তিনি বলেন, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে অনেক সদস্য জীবন উৎসর্গ করেছেন। সর্বশেষ টঙ্গীর কেমিক্যাল অগ্নিকাণ্ডে তিনজন কর্মী প্রাণ দিয়েছেন। তিনি জানান, ২০২৫ সালে ফায়ার সার্ভিস ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ডে কাজ করে প্রায় ৩ হাজার ২৬৩ কোটি টাকার সম্পদ রক্ষা করেছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন এবং পাসিং আউট প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্যারেডে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৩৪ জন অংশ নেন। এছাড়া ২০২৩ ও ২০২৪ সালের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মোট ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পদক তুলে দেওয়া হয়।
পাঠকের মন্তব্য