![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বিদেশি মোবাইল অপারেটরদের অতিরিক্ত সুবিধা দেওয়া এবং Grameen Telecom-কে বিশেষ সুবিধা রেখে প্রণীত টেলিকম নেটওয়ার্কিং ও লাইসেন্স নীতিমালা কেন বাতিল করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নুর।
রিট আবেদনে অভিযোগ করা হয়, নতুন টেলিকম নীতিমালার মাধ্যমে দেশের স্থানীয় মোবাইল কোম্পানিগুলোর স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছে। একই সঙ্গে বিদেশি কোম্পানি এবং Muhammad Yunus-এর মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে।
এদিকে একই দিনে হামের টিকা ক্রয় ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে আরেকটি রিট দায়ের করা হয়।
রিটে বলা হয়, দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে প্রায় সাড়ে চারশর বেশি শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রয়োজনীয় টিকা কেনা হয়নি এবং টিকাদান কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে বন্ধ ছিল।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম দায়ের করা ওই রিটে তদন্ত কমিটি গঠন এবং ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের আবেদনও আদালতে উপস্থাপন করা হয়। এ বিষয়ে শুনানি শেষে হাইকোর্ট আগামী বৃহস্পতিবার আদেশ দেবেন বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, শুনানির সময় হামের টিকা কর্মসূচির ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তির বিষয়ও খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
আইন বিশেষজ্ঞদের মতে, টেলিকম নীতিমালা ও জনস্বাস্থ্য ইস্যুতে দায়ের হওয়া এসব রিট দেশের নীতি নির্ধারণ, জনস্বার্থ এবং প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্নকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
সূত্রঃ বিডিটুডে
পাঠকের মন্তব্য